
বড়লেখা প্রতিনিধি॥ একাদশ জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য প্রার্থী ফারহানা বেগম ২৬ জানুয়ারী শনিবার বড়লেখায় সংবাদ সম্মেলন করেছেন। সদর ইউনিয়ন হলরুমে অনুষ্ঠিত সভায় লিখিত বক্তব্যে তিনি বলেন, এ আসন থেকে তিনি আ’লীগের দলীয় মনোনয়ন পেতে গত ২০ জানুয়ারী দলের প্রধান কার্যালয়ে মনোনয়ন ফরম জমা দিয়েছেন। বর্তমানে তিনি শিক্ষকতা করলেও ইডেন মহিলা কলেজে অধ্যয়নকালীন সময়ে ছাত্রলীগের সক্রিয় কর্মী ছিলেন। এখনও মনে-প্রাণে আওয়ামী রাজনীতির সাথে সম্পৃক্ত। ফারহানা বেগম বড়লেখা উপজেলার কলাজুরা গ্রামের আব্দুল ওয়াহিদের মেয়ে।
সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে, তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী যদি তাকে মনোনীত করেন, এবং তিনি যে এলাকার দায়িত্ব দিবেন, প্রথম এক বছরে সেই এলাকার সড়ক দুর্ঘটনা রোধে প্রত্যেকটি স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসা, হাসপাতাল, বাজার ও জনবহুল স্থান সমূহে পথচারীদের নিরাপদে রাস্তা পারাপারে জেব্রা ক্রসিং নিশ্চিত করবেন। ৫ বছর মেয়াদের পরবর্তী ৪ বছরের মধ্যে সম্পূর্ণ এলাকার যোগাযোগ ব্যবস্থাকে ডিজিটাল ট্রাফিক সিস্টেমের আওতায় নিয়ে আসবেন। এছাড়া পুরো সিলেট বিভাগ প্রবাসী অধ্যুষিত অঞ্চল। এজন্য তিনি প্রবাসীদের মালিকানায় একটি কো-অপারেটিভ ব্যাংক প্রতিষ্ঠার উদ্যোগ নিবেন। যাতে প্রবাসীরা তাদের কষ্টার্জিত উপার্জন এই ব্যাংকে গচ্ছিত ও বিনিয়োগ করতে পারেন।
এসময় বড়লেখায় কর্মরত সাংবাদিকবৃন্দ ছাড়াও বড়লেখা সদর ইউপি চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক সোয়েব আহমদ, যুবলীগ নেতা কবির আহমদ, আবুল হোসেন, সাবেক ছাত্রলীগ নেতা আব্দুল হেকিম রাসেল প্রমূখ উপস্থিত ছিলেন।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.