
কুলাউড়া প্রতিনিধি ॥ মৌলভীবাজারের কুলাউড়ায় ২হাজার ২শত ৫৮টি চা-শ্রমিক পরিবারকে জীবন মান উন্নয়নে পাঁচ হাজার টাকা করে এককালীন আর্থিক অনুদান দিচ্ছে সমাজকল্যাণ মন্ত্রণালয়। ইতোমধ্যেই অনেক পরিবারকে এ অনুদান দেওয়া হয়েছে। প্রথম ধাপে আর্থিক অনুদান দেয়া হয়েছে গাজীপুর চা বাগানের ১৬০ চা-শ্রমিক পরিবারকে।
১৩ ফেব্রুয়ারি বুধবার বিকেলে কুলাউড়া উপজেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে চা-শ্রমিকদের মধ্যে এ অনুদান বিতরণ শুরু করা হয়। গাজীপুর চা বাগানের মন্দিরের সামনে অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুদানের চেক বিতরণ করেন কুলাউড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ সাদি-উর রহিম জাদিদ। এসময় উপস্থিত ছিলেন কুলাউড়া উপজেলা সমাজসেবা অফিসার মোঃ নুরুল মাহমুদ ভূঁইয়া, গাজীপুর চা বাগানের ব্যবস্থাপক কাজল মাহমুদ প্রমুখ।
কুলাউড়া উপজেলা সমাজসেবা অফিসার মোঃ নুরুল মাহমুদ ভূঁইয়া জানান- ‘প্রথম ধাপে ১৬০ চা-শ্রমিক পরিবারকে এ অনুদান দেয়া হয়েছে। পর্যাক্রমে আরও ১৮টি চা বাগানে আর্থিক অনুদান দেয়া হবে। মোট ১৯টি বাগানের ২হাজার ২শত ৫৮ চা-শ্রমিক পরিবারকে মোট ১ কোটি ১২ লক্ষ ৯০ হাজার টাকা বিতরণ করা হবে।’
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.