প্রনীত রঞ্জন দেবনাথ॥ মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা পরিষদের নির্বাচনকে সামনে রেখে আওয়ামী ঘরানার স্বতন্ত্র প্রার্থীর এক কর্মীর উপর হামলার অভিযোগে থানায় লিখিত এজাহার দায়ের হয়েছে। ঘটনার প্রতিবাদে তাৎক্ষনিকভাবে ৬ মার্চ বুধবার ৬ মার্চ রাত ৮টা থেকে এক ঘন্টা কমলগঞ্জ-মৌলভীবাজার সড়কের ছয়কটি কালীমন্দির এলাকায় সড়ক অবরোধ করে রাখে স্বতন্ত্র প্রার্থীর কর্মী ও সমর্থকরা। গত বুধবার সন্ধ্যায় কমলগঞ্জের রহিমপুর ইউনিয়নের দেওড়াছড়া চা বাগানে মারধরের ঘটনাটি ঘটে।
কমলগঞ্জ থানায় দায়ের করা এজাহার সূত্রে জানা যায়, গত বুধবার সন্ধ্যায় দেওড়াছড়া চা বাগানে চা শ্রমিকদের সাপ্তাহিক মজুরি প্রদান করা হচ্ছিল। এসময় আওয়ামীলীগ মনোনিত চেয়ারম্যান প্রার্থী অধ্যাপক রফিকুর রহমানের কর্মী ও রহিমপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি জুনেল আহমদ তরফদার নৌকার বিরুদ্ধে প্রচারনা চালানোয় আওয়ামীলীগের দলীয় সাংসদ উপাধ্যক্ষ ড. আব্দুস শহীদের ছোট ভাই স্বতন্ত্র প্রার্থী ইমতিয়াজ আহমদ বুলবুলের কর্মী ও যুবলীগ নেতা কামাল মিয়া (২৫)-কে মারধর করেন। এজন্য জুনেল আহমদ তরফদারসহ কয়েকজনকে অভিযুক্ত করে বুধবার রাতেই কমলগঞ্জ থানায় লিখিত অভিযোগ করা হয়েছে।
অন্যদিকে বুধবার সন্ধ্যায় দেওড়াছড়া চা বাগানে স্বতন্ত্র প্রার্থীর কর্মীকে মারধরের খবর পেয়ে তার সমর্থক ও কর্মীরা রাত ৮টায় কমলগঞ্জ-মৌলভীবাজার সড়কের কালীমন্দির এলাকায় অবস্থান নিয়ে সড়ক অবরোধ করে রাখে। ঘটনার খবর পেয়ে এক ঘন্টা পর কমলগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্বতন্ত্র প্রার্থী বিক্ষোব্দ কর্মী ও সমর্থকদের বুঝিয়ে সড়ক যোগাযোগ স্বাভাবিক করেন।
স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী ইমতিয়াজ আহমদ বুলবুল বলেন, তিনি সাংসদের ভাই হলেও দলীয় কোন পদে নেই। নির্বাচনে প্রার্থী হওয়ার সবার অধিকার রয়েছে বলেই তিনি আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে স্বতন্ত প্রার্থী হয়েছেন। এখানে কারো আপত্তি জানানোর কোন সুযোগ নেই। নির্বাচনী প্রচারনায় কামাল মিয়া তার পক্ষে লিফলেট বিলি করছেন বলেই অন্যায়ভাবে নৌকার প্রার্থীর অন্যতম কর্মী জুনেল আহমদ তরফদার দেওড়াছড়া চা বাগানে গিয়ে প্রথমে নিজে চড় থাপ্পড় মারেন। পরে তার সহযোগীরা বেদড়কভাবে কামালকে মারধর করেন। প্রথমে তিনি বিষয়টি থানার ওসিকে মৌখিকভাবে অবহিত করে পরে নির্যাতিত কামাল বাদি হয়ে লিখিত অভিযোগ করেছে।
অভিযুক্ত জুনেল আহমদ তরফদারকে না পেলেও আওয়ামীলীগ মনোনিত প্রার্থী অধ্যাপক মো. রফিকুর রহমান এ প্রতিনিধিকে বলেন, তিনি দলীয়ভাবে মনোনিত হয়েছেন। আর দলীয় সাংসদ পরিকল্পিতভাবেই স্বতন্ত্র প্রার্থী হিসেবে ছোট ভাইকে চেয়ারম্যান প্রার্থী করেছেন। সাংসদ ছোট ভাইকে স্বতন্ত্র প্রার্থী করে নিজ বাড়িতে সহ বিভিন্ন স্থানে সভা করে দলীয় প্রার্থীর বিরুদ্ধে উসকানী মূলক বক্তব্য রাখছেন।
অধ্যাপক মো. রফিকুর রহমান আরও বলেন, রহিমপুর ইউনিয়নে জুনেল আহমদ তরফদার তার একজন শক্ত কর্মী। তাকে কোন না কোনভাবে ফাঁসাতেই উত্তেজনাকর পরিস্থিতি তৈরী করায় বুধবার সন্ধ্যায় হালকাভাবে হাতাহতির ঘটনা ঘটেছে।
কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান বলেন,বুধবার সন্ধ্যায় দেওড়াছড়া চা বাগানে একটি ছোট ঘটনা ঘটেছে। এ জন্য থানায় লিখিত অভিযোগ হয়েছে। যা এখন তদন্তাধীন আছে। আর রাত ৮টায় কমলগঞ্জ-মৌলভীবাজার সড়ক অবরোধের কথা উল্লেখ করে কমলগঞ্জ থানার ওসি বলেন, ঘটনাস্থলে পুলিশ সদস্যরা গিয়ে সড়ক যোগাযোগ স্বাভাবিক করেছেন।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.