
বড়লেখা প্রতিনিধি॥ বড়লেখা উপজেলায় মাধ্যমিক পর্যায়ে এ বছর শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত হয়েছেন নারীশিক্ষা একাডেমি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মাজহারুল ইসলাম। এছাড়া একই বিদ্যালয়ের সহকারি শিক্ষক ঝুটন কান্তি পাল উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক নির্বাচিত হয়েছেন।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, জাতীয় শিক্ষা সপ্তাহ-২০১৯ উপলক্ষে ২১ মার্চ উপজেলা পর্যায়ে বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠ শিক্ষক, শিক্ষার্থী ও প্রতিষ্ঠান প্রধানদের নামের তালিকা ঘোষণা করা হয়। এতে মাধ্যমিক পর্যায়ে উপজেলার শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত হন নারীশিক্ষা একাডেমি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মাজহারুল ইসলাম এবং শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক নির্বাচিত হন একই বিদ্যালয়ের সহকারি শিক্ষক ঝুটন কান্তি পাল।
বিদ্যালয় সূত্রে জানা গেছে, মাজাহারুল ইসলাম ২০০৩ সালে নারীশিক্ষা একাডেমি মাধ্যমিক বিদ্যালয়ে সহকারি শিক্ষক হিসেবে যোগদান করেন। ২০০৮ সালে ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিযুক্ত হয়ে তিনি সুনামের সাথে দায়িত্ব পালন করছেন। তিনি কুলাউড়া উপজেলার ফরিদপুর গ্রামের মৃত আখলিছুর রহমানের ছেলে।
এদিকে ঝুটন কান্তি পাল ২০০২ সালে সহকারি শিক্ষক (গণিত) হিসেবে বড়লেখার নারী নারীশিক্ষা একাডেমি মাধ্যমিক স্কুলে যোগদান করেন। তিনি ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলার রামজীবনপুর গ্রামের মৃত সুবোধ চন্দ্র পালের ছেলে।
শ্রেষ্ট প্রধান শিক্ষক মো. মাজহারুল ইসলাম জানান, উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত হওয়ায় বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারী, ম্যানেজিং কমিটি ও সংশ্লিষ্ট সবার প্রতি অশেষ কৃতজ্ঞতা জানাচ্ছি। এই স্বীকৃতি আমার উৎসাহ বাড়িয়েছে। এবার জেলা পর্যায়ে যাতে শ্রেষ্ঠ হতে পারি সেজন্য সবার দোয়া কামনা করছি।
প্রসঙ্গত, বছরে জাতীয় শিক্ষা সপ্তাহ-২০১৮ উপলক্ষে নারীশিক্ষা একাডেমি মাধ্যমিক বিদ্যালয় মৌলভীবাজার জেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচিত হয়।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.