
কুলাউড়া প্রতিনিধি॥ কুলাউড়ায় স্কুলছাত্রী মায়মুনা জান্নাত সামিরা (১৪) এর উপর দাড়ালো অস্ত্র দিয়ে বর্বোরচিত হামলাকারী বখাটে জুয়েল আহমদ এর দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করা হয়েছে।
২৯ এপ্রিল সোমবার সকালে কুলাউড়া পৌর শহরের আল-হেরা ক্যাডেট স্কুল এন্ড কলেজের শিক্ষক-শিক্ষার্থী এবং অভিভাবকদের উপস্থিতিতে প্রতিষ্ঠানের সম্মুখে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। প্রতিষ্ঠানের অধ্যক্ষ মোহাম্মদ মাশুক আহমদের সভাপতিত্বে ও শিক্ষক সাইফুল ইসলাম খানের সঞ্চালনায় একাত্মতা পোষণ করে বক্তব্য দেন কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি বদরুজ্জামান সজল, প্রতিষ্ঠানের পরিচালক মিজানুর রহমান মজুমদার, ইমরান হোসেন, উপজেলা কৃষকলীগের সভাপতি আব্দুল কাদির, অভিভাবক মোঃ শামীম খান, শামছুউদ্দিন, আবু সাঈদ মোঃ আব্দুল¬াহ। শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য দেন অষ্টম শ্রেণীর তাইহিয়া ইসলাম মুনা ও আবির মাহমুদ। ঘন্টাব্যাপী এই মানববন্ধন কর্মসূচিতে ৮ম শ্রেণীতে অধ্যয়নরত শিক্ষার্থী সামিরার উপর নৃশংস হামলাকারী জুয়েলের সর্বোচ্চ শাস্তি দাবি ও তীব্র নিন্দা জানিয়ে বক্তারা বলেন, হামলাকারী আটক বখাটে জুয়েলকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। যা দেখে অন্য আর কেউ এমন জঘন্যতম কাজ করতে না পারে। ছামিরার সহপাঠী মুনা ও আবির কান্নাজড়িতকণ্ঠে বক্তব্যে বলে, আজ আমরা পরীক্ষা দিচ্ছি, কিন্তু আমাদের সহপাঠী হাসপাতালের বেডে মৃত্যু শয্যায়। আমরা এই হামলাকারী জুয়েলের কঠোর শাস্তি দাবি করছি।
প্রসঙ্গত, প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় গত (২৭ এপ্রিল) শনিবার দুপুরে কুলাউড়া উপজেলার আল-হেরা ক্যাডেট স্কুল এন্ড কলেজের অষ্টম শ্রেণীর শিক্ষার্থী মায়মুনা জান্নাত সামিরা প্রথম সাময়িক পরীক্ষা দিয়ে বাড়ি ফেরার পথে পথিমধ্যে ভূকশিমইল ইউনিয়নের মীরশংকর এলাকায় পথ আটকিয়ে দাড়ালো অস্ত্র (দা) দিয়ে এলোপাতাড়িভাবে কুপিয়ে গুরুতর জখম করে বর্বোরচিত হামলা চালায় একই গ্রামের মৎস্যজীবী বকুল মিয়ার ছেলে জুয়েল আহমদ। তাৎক্ষণিক স্থানীয় লোকজন বখাটে জুয়েলকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেন। এ ঘটনায় জুয়েলকে আসামী করে ছামিরার মা বাদী হয়ে থানায় হত্যা চেষ্টার মামলা দায়ের করেছেন। জুয়েল বর্তমানে মৌলভীবাজার কারাগারে আছে। এদিকে ছামিরা সিলেট ওসমানী হাসপাতালে নিউরো সার্জারী বিভাগের প্রধান ডা. মো. রাশিদুন্নবী খাঁন এর তত্ত্বাবধানে চিকিৎসাধীন আছে। তাঁর শারীরিক অবস্থা এখনো সঙ্কটাপন্ন। সামিরা কুলাউড়া উপজেলার ভূকশিমইল ইউনিয়নের মীরশংকর এলাকায় আরব আমিরাত প্রবাসী সরাফ উদ্দিনের মেয়ে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.