এইচ ডি রুবেল॥ কুলাউড়ায় হাকালুকি হাওরের জেলেদের জালে ধরা পড়ছে ইলিশ। প্রতি বর্ষা মৌসুমে হাকালুকি হাওরে ছোট আকারের ৩-৪টি ইলিশ ধরা পড়লেও এবার বড় ও সংখ্যায় বেশি ধরা পড়ায় উৎফুল¬ হাওরপারের জেলেরা। এসব মাছ কুলাউড়া উপজেলার বিভিন্ন বাজারে বিক্রি হচ্ছে। স্থানীয় জেলেরা এই মাছের নাম দিয়েছে ‘হাকালুকি ইলিশ’।
ইলিশ মূলত সাগরের মাছ। ডিম ছাড়তে এরা নদী ও মোহনায় আসে। নদীর সঙ্গে হাকালুকি হাওরের সংযোগ থাকায় বন্যার সময় এরা হাওরে চলে আসে। অন্যান্য বছর হাওরে পরিমাণে কম ইলিশ দেখা গেলেও এ বছর তার কয়েক গুণ বৃদ্ধি হয়েছে বলে জানিয়েছে মৎস্য বিভাগ।
হাকালুকি হাওরের পার্শ্ববর্তী ঘাটের বাজার, ভুয়াই বাজার, মিরের শংকর ও ভুকশিমইল বাজারগুলো ঘুরে দেখা যায়, মাঝারি এবং ছোট সাইজের বেশ কিছু ইলিশ বিক্রি করছেন স্থানীয় জেলেরা। এ ছাড়াও কুলাউড়া উপজেলার আছুরিঘাট এলাকায় এক জেলের কাছে শতাধিক ইলিশের দেখা মিলে। এই জেলে জানান, সবগুলো ইলিশ তিনি হাকালুকি হাওর থেকে পেয়েছেন। চার-পাঁচ বছর ধরেই হাকালুকি হাওরে ইলিশ ধরা পড়ছে। তবে এবার জালে প্রচুর ইলিশ মাছ ধরা পড়ছে।
এ বিষয়ে কুলাউড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সুলতান মাহমুদ বলেন, ইলিশগুলো সাগর থেকে এসেছে। যেহেতু বন্যায় পানি বেড়েছে, তাই সাগর থেকে মেঘনা হয়ে সিলেটের কুশিয়ারা এবং সুরমা নদী দিয়ে সেই মাছ হাকালুকি হাওরে ঢুকেছে এই হাওরে ইলিশ পাওয়া গেলেও তার স্বাদ একটু ভিন্ন বলে জানিয়েছেন মৎস্য কর্মকর্তা।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.