বড়লেখা প্রতিনিধি॥ বড়লেখা সদর ইউনিয়নের চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে ১০টি কেন্দ্রের বেশিরভাগই ছিলো অনেকটা ফাকা। বেলা বাড়লেও এসব কেন্দ্রে ভোটার উপস্থিতি তেমনটা চোঁখে পড়েনি। অবশ্য কোথাও বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
২৫ জুলাই বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত উপজেলার গঙ্গারজল, বিছরাবাজার, মুছেগুল, ছোটলেখা দক্ষিণভাগ, মহদিকোনা, কেছরিগুল, সাতকরাকান্দি, বালিছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, ডিমাই ইয়াকুবিয়া ইবতেদায়ী মাদ্রাসা ও ডিমাই কওমী মাদ্রাসায় ঘুরে এ চিত্র দেখা গেছে।
মুছেগুল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কেন্দ্রের দায়িত্বরত প্রিজাইডিং কর্মকর্তা মো. উবায়েদ উল্লাহ খান বিকেল সাড়ে ৪টায় জানান, আমার কেন্দ্রে ভোটার সংখ্যা ১৪৪২। এপর্যন্ত ৬৫২ ভোট কাস্ট হয়েছে।
বিছরাবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কেন্দ্রের দায়িত্বরত প্রিজাইডিং কর্মকর্তা মতিউর রহমান বিকেল সাড়ে তিনটায় জানান, তার কেন্দ্রে ১৮০২ ভোটার। এরমধ্যে ৯৯৩ ভোট কাস্ট হয়েছে।
ডিমাই ইয়াকুবিয়া ইবতেদায়ী মাদ্রাসার প্রিজাইডিং অফিসার জামাল উদ্দিন বেলা তিনটায় বলেন, তার কেন্দ্রে ভোটার সংখ্যা ১৬৯১। এরমধ্যে ৯০০ ভোট কাস্ট হয়েছে।
কেছরিগুল সরকারি প্রাথমিক বিদ্যালয়েরর কাজী মুহাম্মদ হুমায়ন কবির বিকেল ৩ টায় বলেন, আমার কেন্দ্রে ১৯৮৩ ভোটার। এরমধ্যে ১০০৮টি ভোট কাস্ট হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, উপ-নির্বাচনে ৩ জন প্রার্থী চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন- আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সদর ইউনিয়ন পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সিরাজ উদ্দিন। বিএনপি নেতা ও সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জাহিদুল ইসলাম মামুন এবং বিএনপি নেতা ইসলাম উদ্দিন।
উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, বড়লেখা ইউনিয়নের মোট ভোটার ১৭ হাজার ১৭৮ জন। এর মধ্যে ৮ হাজার ৫৫৪ জন পুরুষ এবং ৮ হাজার ৬২৪ জন নারী ভোটার। নির্বাচন অবাধ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রশাসন থেকে ১০টি ভোট কেন্দ্রের জন্য ৯০ জন পুলিশ সদস্য, ১৭০ জন আনসার সদস্য, ৪টি মোবাইল টিম, ১টি স্ট্রাইকিং ফোর্স এবং ১টিম স্ট্যান্ডবাই ফোর্স নিয়োজিত আছে।
প্রসঙ্গত, ১৮ মার্চ পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে বড়লেখা সদর ইউনিয়নের চেয়ারম্যান সোয়ের আহমদ চেয়ারম্যান পদত্যাগ করে উপজেলা চেয়ারম্যান পদে নির্বাচনে অংশ নেন এবং জয়লাভ করেন। নির্বাচন কমিশন গত ৭ মার্চ পদটি শূন্য ঘোষণা করে। পরে ইউপি সদস্য সিরাজ উদ্দিনকে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব দেয়া হয়। গত ১৭ জুন নির্বাচন কমিশন উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.