স্টাফ রিপোর্টার॥ পরিবেশ মন্ত্রী মোঃ শাহাব উদ্দিন এম.পি. বলেছেন ইটভাটার দূষণ থেকে দেশকে মুক্ত করার জন্য সারা দেশে ক্রমান্বয়ে ইটের বিকল্প ব্লক ও ছিদ্রযুক্ত ইট উৎপাদন ও ব্যবহার বাধ্যতামূলক করা হচ্ছে। ৫ আগস্ট সোমবার পরিবেশ মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক আন্তঃমন্ত্রণালয় সভায় তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, সারা দেশে প্রায় সাড়ে সাত হাজারের অধিক ইট ভাটায় বছরে প্রায় ২৩০ কোটি ইট উৎপাদনের জন্য প্রায় ৩৩৫ কোটি ঘনফুট মাটি ব্যবহৃত হচ্ছে। কৃষি জমির উপরি ভাগের মাটি ব্যবহার করে ইট বানানোর কারণে কৃষি জমির উৎপাদন হ্রাস পাচ্ছে। এ ভয়াবহ বিপর্যয় থেকে রক্ষা পেতে হলে আমাদের ক্রমান্বয়ে পুরাতন পদ্ধতির ইটভাটা বন্ধ করে নতুন পদ্ধতিতে যেতে হবে।
নতুন পদ্ধতিতে আসার জন্য সময়ের প্রয়োজন। তাই ২০১৯ থেকে ২০২৫ সালের মধ্যে সরকারি নির্মাণ, মেরামত ও সংস্কার কাজে ইটের ব্যবহার সম্পূর্ণ বন্ধ করার লক্ষ্যে টেন্ডার ডকুমেন্টসে ক্রমবর্ধমান হারে ব্লক ব্যবহার বাধ্যতামূলক করা হবে বলে সভায় সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
সভায় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী জনাব মোঃ তাজুল ইসলাম, এম.পি, পরিবেশ উপমন্ত্রী হাবিবুন নাহার এম.পি., পরিবেশ সচিব আবদুল্লাহ আল মোহসীন চৌধুরীসহ বিভিন্ন মন্ত্রণালয়ের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.