
কুলাউড়া প্রতিনিধি॥ মৌলভীবাজারে নারী নির্যাতন প্রতিরোধে একটি বিশেষ সেল ও প্রতিটি থানায় এন্টি ইভটিজিং স্কোয়াড গঠন করা হবে বলে জানিয়েছেন মৌলভীবাজারের নবাগত পুলিশ সুপার ফারুক আহমদ পিপিএম (বার)।
বুধবার ৭ আগস্ট রাতে কুলাউড়া থানার আয়োজনে মাদক, জঙ্গিবাদ, ইভটিজিং ও গণসচেতনতাসহ আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথাগুলো বলেন।
মতবিনিময় সভায় এসপি ফারুক বিভিন্ন শ্রেণিপেশার মানুষের দাবি এবং অভিযোগের প্রেক্ষিতে তিনি বলেন, ‘থানা পুলিশ তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করছে কিনা সেটি তদারকিতে আমি জেলার প্রতিটি থানায় নিয়মিত পরিদর্শনে আসবো। কুলাউড়া থানায় আজ থেকে কোন বিচার বা শালিসী কার্যক্রম চলবে না। কুলাউড়ায় ইভটিজিং প্রতিরোধে ‘ইভটিজিং প্রতিরোধ স্কোয়াড’ গঠন করা হবে। এই স্কোয়াড প্রতিদিন মোটরসাইকেলযোগে উপজেলার বিভিন্ন কলেজ ও মাধ্যমিক বিদ্যালয়ে টহল দিবে। এছাড়াও নারী নির্যাতন ও যৌন হয়রানি প্রতিরোধে এবং কেউ যদি নারী নির্যাতন কিংবা ইভটিজিংয়ের শিকার হোন তাহলে যাতে পুলিশকে দ্রুত খবর পৌঁছাতে পারেন সেজন্য জেলায় নারী নির্যাতন প্রতিরোধ সেল গঠন করা হবে।
পুলিশ সুপার জানান, এই সেলে আলাদা একজন দক্ষ কর্মকর্তাকে দায়িত্ব দেয়া হবে এবং একটি ফোন নাম্বার দেয়া হবে। এছাড়াও ৯৯৯ নাম্বারে যোগাযোগ করে যেকোন ঘটনা দ্রুত অভিযোগ জানাতে পারবেন সবাই এবং নারী নির্যাতনের বিষয়ে জানাতে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের আলাদা একটি নাম্বার রয়েছে।
পুলিশ সুপার আরো বলেন, দেশকে মাদকমুক্ত করতে হলে প্রথমে একটি গ্রামকে সম্পূর্ণ মাদকমুক্ত করতে হবে। মাদকমুক্ত করার জন্য ‘গ্রাম থেকে একটি দেশ, মাদকমুক্ত বাংলাদেশ’ এই স্লোগান নিয়ে আমি আমার জেলার প্রতিটি গ্রামকে মাদকমুক্ত করে ডিজিটাল বাংলাদেশ করা জন্য কাজ করে যাবো।’
তিনি কুলাউড়া থানার ওসিকে এসব পরিকল্পনা দ্রুত বাস্তবায়ন করার নির্দেশ দেন।
এ সময় তিনি উপজেলার সীমান্তবর্তী ভাটেরা ইউনিয়নে দ্রুত একটি পুলিশ ফাঁড়ি স্থাপন করার প্রতিশ্রুতি দেন।
কুলাউড়া থানার অফিসার ইনচার্জ মো. ইয়ারদৌস হাসানের সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুলাউড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান এ কে এম সফি আহমদ সলমান, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) মো. আনোয়ারুল হক, পৌর মেয়র শফি আলম ইউনুছ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রেনু, উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সদস্য নবাব আলী ওয়াজেদ খান বাবু প্রমুখ।
এ সময় উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, সামাজিক, রাজনৈতিক, ব্যবসায়ী, পেশাজীবীও সাংবাদিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.