
বড়লেখা প্রতিনিধি॥ মৌলভীবাজারের বড়লেখায় নিষিদ্ধ ভারতীয় ৫৪ বোতল মদসহ আলাউদ্দিন আলাই (৫৫) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার ১৭ আগস্ট সকালে কানলী-শাহবাজপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আলাউদ্দিন উত্তর শাহবাজপুর ইউনিয়নের পুকুরিয়া গ্রামের তমছির আলীর ছেলে। এ ঘটনায় বড়লেখা থানায় একটি মামলা হয়েছে। শাহবাজপুরের তদন্ত কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা (পুলিশ পরিদর্শক) মোহাম্মদ মোশাররফ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
শাহবাজপুর তদন্ত কেন্দ্রের পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ভারপ্রাপ্ত কর্মকর্তা (পুলিশ পরিদর্শক) মোহাম্মদ মোশাররফ হোসেনের নেতৃত্বে একদল পুলিশ কানলী-শাহবাজপুর সড়ক এলাকায় অভিযান চালায়। অভিযানকালে মৌলভীবাজার-থ ১১-৮৭৮০ নম্বরের সিএনজি চালিত অটোরিকশা তল্লাশি করে ৫৪ বোতল ভারতীয় আমদানি নিষিদ্ধ মদসহ আলাউদ্দিন আলাইকে গ্রেপ্তার করা হয়। তল্লাশিকালে কৌশলে সিএনজি চালিত অটোরিকশা চালক সুমন দাস পালিয়ে যায়।
মদবহনকারী সিএনজি চালিত অটোরিকশাটি জব্দ করা হয়েছে। এ অভিযানে অংশ নেন তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক (এসআই) রতন কুমার হালদার, সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মহিন উদ্দিন ও মিঠুন রঞ্জন দাস।
তদন্ত কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা (পুলিশ পরিদর্শক) মোহাম্মদ মোশাররফ হোসেন বলেন, ‘এ ঘটনায় মামলা হয়েছে। গ্রেফতার আলাউদ্দিনকে রবিবার ১৮ আগস্ট আদালতে নেওয়া হবে।‘
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.