আউয়াল কালাম বেগ॥ মৌলভীবাজারের রাজনগরে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের অব্যাহত আন্দোলনে কোমলমতি শিক্ষার্থীদের শিক্ষা জীবনে অনিশ্চয়তা দেখা দিয়েছে। প্রধান শিক্ষকদের ১০ম গ্রেড ও সহকারী শিক্ষকদের ১১তম গ্রেডের দাবিতে উপজেলার মোট ১৪০টি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকদের কর্মবিরতি চলছে। এতে প্রায় ৩০ হাজার শিক্ষার্থী ১৩ অক্টোবর রোববার থেকে পাঠ বঞ্চিত রয়েছে। বাংলাদেশ প্রাথমিক শিক্ষক ঐক্য পরিষদ কেন্দ্রীয় কমিটির আহ্বানে গত রোববার থেকে এ কর্মসূচি পালন করা হচ্ছে।
রাজনগর সহকারি প্রাথমিক শিক্ষক সমিতি (রেজি:নং-১২০৬৮) সূত্রে জানাযায়, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক ঐক্য পরিষদ কেন্দ্রীয় কমিটির আহ্বানে গত ১৩ অক্টোবর রোববার সকাল ১১টায় রাজনগর সরকারি শিক্ষক কল্যাণ ভবনে উপজেলার ১৪০টি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের সমন্বয়ে এক সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় বাংলাদেশ প্রাথমিক শিক্ষক ঐক্য পরিষদ কেন্দ্রীয় কমিটি কর্তৃক ঘোষিত আন্দোলন নিয়ে বিস্তারিত আলোচনা হয় এবং কেন্দ্র ঘোষিত প্রধান শিক্ষকদের ১০ম গ্রেড এবং সহকারী শিক্ষকদের ১১তম গ্রেডের দাবি আদায়ের আন্দোলনের প্রতি পূর্ণ সমর্থন জানিয়ে পরদিন ১৪ অক্টোবর থেকে দাবি না মানা পর্যন্ত লাগাতার কর্মসুচি পালনের সিদ্ধান্ত হয়। কর্মসূচির অংশ হিসেবে গত ১৪ অক্টোবর সকল বিদ্যালয়ে সকাল ১০টা হতে দুপুর ১২টা পর্যন্ত এবং ১৫ অক্টোবর সকাল ১০টা হতে দুপুর ১টা পর্যন্ত কর্মবিরতি পালন করা হয়। দাবি আদায় না হলে প্রতিটি বিদ্যালয়ে আজ (১৬ অক্টোবর) অর্ধদিবস এবং আগামী কাল হতে পূর্ণ দিবস কর্মবিরতী পালন করা হবে। উপজেলার ১৪০টি বিদ্যালয়ের প্রায় ৭শ শিক্ষক লাগাতার এ কর্মসূচি পালন করে যাচ্ছেন। ফলে উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের প্রায় ৩০হাজার কোমলমতি শিক্ষার্থী পাঠ বঞ্চিত হয়ে পরেছে। বার্ষিক ও সমাপনী পরীক্ষা সামনে থাকায় এ ব্যাপারে চরম দুশ্চিন্তায় রয়েছেন অভিভাবকেরা। এদিকে শিক্ষার্থীরাও পরেছে চরম বিপাকে। রাজনগর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পিসএসসি পরীক্ষার্থী সোহান আহমদ জানায়, আমরা বুঝে উঠতে পারছিনা কবে অস্থিতিশীল এ অবস্থার অবসান হবে এবং আমরা ক্লাসে অংশগ্রহন করতে পারব। সে আরো জানায়, বিষয়টির দ্রুত সমাধান না হলে অপূরণীয় ক্ষতি হয়ে যাবে আমাদের।
আন্দোলনের ব্যাপারে বাংলাদেশ প্রাথমিক সহকারি শিক্ষক সমিতির (রেজি:নং-১২০৬৮) রাজনগর শাখার সভাপতি মোঃ লুৎফুর রহমান, রাসেল খান, ময়জুল হক জানান, সারা দেশে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের নৈতিক দাবির প্রতি সমর্থন জানিয়ে রাজনগর উপজেলার ১৪০টি বিদ্যালয়ে প্রায় ৭শ শিক্ষক একযোগে কর্মবিরতি পালন করছে। দাবি না মানা পর্যন্ত এ আন্দোলন কর্মসূচি অব্যাহত থাকবে এবং আগামীতে আরো কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।
এ ব্যাপারে রাজনগর উপজেলা শিক্ষা কর্মকর্তা জাফর আল সাদেক জানান, উর্ধ্বতন কর্তৃপক্ষ উপজেলার যেসব বিদ্যালয় আন্দোলন করছে তার একটি তালিকা চেয়েছেন এবং আমরা তা প্রেরণ করেছি। প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের এ আন্দোলন সারা দেশব্যাপী চলছে। এতে আমাদের করণীয় কিছু নাই, তবে আমি চাই শিক্ষকরা পাঠদানে অংশগ্রহন করুক। সামনে গুরুত্বপূর্ণ পরীক্ষা। পাঠদান বন্ধ থাকলে কোমলমতি শিক্ষার্থীদের অপূরণীয় ক্ষতি হবে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.