কুলাউড়া প্রতিনিধি॥ মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার কালিটি চা বাগানে বিদ্যুতের খুঁটিবাহি ট্রলির ধাক্কায় শনিবার ১৯ অক্টোবর রাত ৯টায় জয় অলমিক (৮) নামক এক চা শ্রমিক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত জয় অলমিক ওই বাগানের কারিতাস শিশু শিক্ষা প্রকল্পের দ্বিতীয় শ্রেণীর ছাত্র ও চা শ্রমিক সূর্য নারায়ণ অলমিকের ছেলে।
স্থানীয় লোকজন জানান, উপজেলার কালিটি চা বাগানের মাদ্রাজী লাইন এলাকায় রাতে পাশের বাড়ি থেকে টিভি দেখে নিজ বাড়িতে ফিরছিলো শিশু জয় অলমিক। এ সময় বৈদ্যুতিক খুঁটি বোঝাই একটি ট্রলি সড়কের বাঁক নিতে গেলে বোঝাইকৃত খুঁটির পেছন দিকের অংশ জয়ের মাথায় লেগে মারাত্মক আহত হয়। কুলাউড়া থানার এস আই দিদার উল¬াহ ঘটনাস্থল পরিদর্শন করে স্থানীয়দের সহযোগীতায় আহতবস্থায় জয়কে উদ্ধার করে কুলাউড়া হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
স্থানীয় লোকজন ট্রলি চালক উপজেলার পশ্চিম জালালাবাদ এলাকার বাসিন্দা হাসমত আলী (৪০) ও সহযোগি আল আমিন (২৫) কে আটক করে পুলিশে সোপর্দ করে।
কুলাউড়া থানার পরিদর্শক (তদন্ত) সঞ্জয় চক্রবর্তী জানান, লাশ পরিবারের দাবিতে ময়না তদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। রোববার চালক ও তার সহযোগীকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে থানায় মামলা প্রক্রিয়াধীন।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.