বড়লেখা প্রতিনিধি॥ বড়লেখা সিনিয়ির জুডিশিয়েল ম্যাজিস্ট্রেট আদালতের বন আইনের একটি মামলায় দুই আসামীর বিরুদ্ধে পৃথক মেয়াদে সশ্রম কারাদন্ড ও ১০ হাজার টাকা করে অর্থদন্ডের রায় দিয়েছেন বিজ্ঞ আদালত। ২০ অক্টোবর রোববার দুপুরে জনাকীর্ণ আদালতে রায় ঘোষণা করেন সিনিয়র জুডিশিয়েল ম্যাজিস্ট্রেট হরিদাস কুমার।
২ বছরের সশ্রম কারাদন্ড ও ১০ হাজার টাকা অর্থদন্ডের রায় ঘোষিত আসামী হলেন রাজা মিয়া। তিনি ১০ নং কাশেমনগর (দক্ষিণভাগ) গ্রামের আব্দুল মালেকের ছেলে। ১ বছরের সশ্রম কারাদন্ড ও ১০ হাজার টাকা অর্থদন্ডের রায় ঘোষিত আসামী হলেন সাইদ আহমদ। তিনি সুজানগর ইউনিয়নের বড়থল গ্রামের হাজী সালেহ আহমদের ছেলে।
মামলা ও বনবিভাগ সুত্রে জানা গেছে, গত বছরের ২ ফেব্রুয়ারী আসামী সাইদ আহমদের বাড়ি সংলগ্ন ডোবা থেকে বড়লেখা রেঞ্জের টহল বাহিনী পুলিশের সহযোগিতায় ১৫ টুকরোয় প্রায় ২৮ ঘনফুট অবৈধ সেগুন কাঠ উদ্ধার করে। যা সংরক্ষিত বনাঞ্চল থেকে পাচার করা হচ্ছিল। এ ঘটনায় সহযোগী রেঞ্জ কর্মকর্তা শেখর রঞ্জন দাস বড়লেখা সিনিয়র জুডিশিয়েল ম্যাজিস্ট্রেট আদালতে বন আইনে রাজা মিয়া ও সাইদ আহমদের বিরুদ্ধে মামলা করেন (মামলা নং-সিআর-৫২/১৮)।
আদালতের এপিপি অ্যাডভোকেট গোপাল দত্ত বন মামলায় দুই আসামীর বিরুদ্ধে ২ বছর ও ১ বছরের সশ্রম কারাদন্ড এবং অর্থদন্ডের রায় ঘোষণার সত্যতা স্বীকার করেন।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.