
আব্দুর রব॥ বড়লেখার সীমান্তবর্তী শাহবাজপুর বাজারে এক ভয়াবহ অগ্নিকান্ডে ৭ টি দোকান ভস্মিভুত হয়েছে। ২৭ অক্টোবর রোববার গভীর রাতে খোলাবাজারের একটি দোকান থেকে আগুনের সুত্রপাত ঘটে। মুহূর্তে একে একে ৭ ব্যবসা প্রতিষ্ঠানে আগুন ছড়িয়ে পড়ে। দমকল বাহিনী দীর্ঘ চেষ্ঠা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনলেও এর আগেই সবগুলো দোকান আগুনে পুড়ে আনুমানিক ১৭ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। অগ্নিকান্ডের সঠিক কারণ নিশ্চিত হওয়া যায়নি।
জানা গেছে, রোববার রাত আনুমানিক আড়াইটার দিকে শাহবাজপুর বাজারের আরাফাত ভেরাইটিজ স্টোরে হঠাৎ আগুন জ্বলতে দেখেন বাজার প্রহরীরা। এসময় স্থানীয় লোকজন আগুন নিয়ন্ত্রণে ছুটে আসলেও আগুন দ্রুত পার্শ্ববর্তী দেলওয়ার হোসেনর রেস্টুরেন্ট, জামাল উদ্দিনের রেস্টুরেন্ট, মাশুক উদ্দিনের কাপড়ের দোকানসহ অন্যান্য দোকানে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে প্রায় ১ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে এর আগে আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় দোকানগুলোর মূল্যবান মালামাল ও নগদ টাকা পুড়ে অন্তত ১৭ লাখ টাকার ক্ষতি হয়েছে।
বড়লেখা ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স স্টেশনের ম্যানেজার অনুপ কুমার সিংহ জানান, অগ্নিকান্ডের খবর পেয়েই ২টি ইউনিট নিয়ে ঘটনাস্থলে পৌছে প্রায় ১ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে আগুনের সূত্রপাত নিশ্চিত হওয়া যায়নি।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.