
স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার সদর উপজেলার চাঁদনীঘাট ইউনিয়নের গজিমারা গ্রামে ধরা পড়লো ৩ ফুট লম্বা একটি মেছো বাঘ। এলাকাবাসী বাঘটি আটক করে খাঁচায় ভরে বনবিভাগের কাছে হস্তান্তর করেছে। ৫ নভেম্বর মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটেছে।
এলাকাবাসী জানিয়েছেন, এক মাস যাবত গজিমারা গ্রামে হানা দিচ্ছে এই মেছো বাঘ। এলাকার বিভিন্ন বাড়ির হাঁস, মোরগ, ছাগলসহ গবাদি পশু খেয়ে ফেলছে এই বাঘটি। মঙ্গলবার এলাকার ইয়াকুব মিয়া ও ফুলর মিয়া হাঁস ও মুরগী ছেড়ে দিয়ে ফাঁদ পাতে। গভীর রাতে বাঘটি হাঁস ও মোরগ খেতে এসে ফাঁদে আটকা পড়ে। তখন এলাকাবাসী বাঘটি আটক করে লোহার পিঞ্জিরাতে বন্দি করে রাখে। বুধবার সকালে আশেপাশে গ্রামের লোকজন বাঘটি দেখতে ইয়াকুব মিয়ার বাড়িতে ভিড় করে।
এদিকে লোক মারফত খবর পেয়ে পার্শ্ববতী ইউনিয়নের ইউপি সদস্য মুজিবুর রহমান ঘটনাস্থলে পৌঁছে বনবিভাগ ও গণমাধ্যম কর্মীকে খবর দেন। তিনিও জানান, অনেকদিন ধরে বাঘটি হাঁস, মোরগ, ছাগলসহ গবাদি পশু খেয়ে ফেলছে।
এদিকে খবর পেয়ে বর্ষিজুরা ফরেস্ট বিটের (বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ) বিট কর্মকর্তা মোহাম্মদ আনিসুজ্জামান ঘটনাস্থলে পৌঁছে বাঘটি উদ্ধার করে নিয়ে আসেন। তিনি জানান, বাঘটি ৩ ফুট লম্বা ও প্রস্থে দেড় ফুট। সম্ভবত খাদ্যের সন্ধানে লোকালয়ে এসে ধরা পড়েছে। তাঁর মুখ ও শরীরের বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন রয়েছে। তাই প্রথমে বাঘটিকে প্রয়োজনীয় চিকিৎসা প্রদান করা হবে। এরপর সংরক্ষিত বনাঞ্চলে বাঘটি ছেড়ে দেওয়া হবে।
[youtube https://www.youtube.com/watch?v=4cVVKocqci8]
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.