
আব্দুর রব॥ বড়লেখা উপজেলার উত্তর শাহবাজপুর ইউপির সায়পুর গ্রামে সরকারী খাস ভুমিতে বসবাসকারী মৃত মুক্তিযোদ্ধা তমছির আলীর অসহায় স্ত্রী, ছেলে ও পুত্রবধুকে প্রভাবশালীরা মারধর করে তাদের বসত ঘর নিশ্চিহ্ন করে টাকা ও মালামাল লুট করে নিয়েছে। এব্যাপারে মৃত মুক্তিযোদ্ধা তমছির আলীর পুত্রবধু ভুক্তভোগী হুসিয়ারা বেগম নাজমা বুধবার বড়লেখা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হামলাকারী প্রভাবশালী আব্দুল মান্নান মখনসহ ১৩ জনকে আসামী করে পিটিশন মামলা করেছেন। গত বৃহস্পতিবার বিজ্ঞ আদালত পিটিশন মামলাটি আমলে নিয়ে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য থানার ওসিকে নির্দেশ দিয়েছেন।
বড়লেখা সিনিয়র জুডিশিয়েল ম্যাজিস্ট্রেট আদালতের পিটিশন মামলা ও সরেজমিন এলাকাবাসী সুত্রে জানা গেছে, উপজেলার উত্তর শাহবাজপুর ইউপির সায়পুর গ্রামে সায়পুর মৌজায় ১নং খতিয়ানের ৮৫৬ নং দাগের ১৩ একর ২৮ শতাংশ সরকারী মোকাম শ্রেণীর খাস ভুমির একাংশে গোরস্থান ও অপরাংশে ৫ জন ভুমিহীন মুক্তিযোদ্ধাসহ ৮৬ পরিবার বিগত ৪০-৫০ বছর ধরে বসবাস করছে। মৃত মুক্তিযোদ্ধা মকবুল আলীর মেয়ে হানিফা আক্তার তাদের দখলিয় প্রায় ৪০ শতাংশ ভুমির একাংশের বসতঘরে প্রায় দেড়মাস পূর্বে বসবাস করতে দেন মৃত মুক্তিযোদ্ধা তমছির আলীর ভুমিহীন স্ত্রী ময়মুন বিবি, ছেলে গিয়াস উদ্দিনসহ তাদের পরিবারকে। গত ৯ ডিসেম্বর সকালে প্রভাবশালী আব্দুল মান্নান, দুদু মিয়া, আব্দুস সহিদ, নুরুজ আলী, শফিক উদ্দিন, রফিক উদ্দিন, হেলাল উদ্দিন গংরা সন্ত্রাসী হামলা চালিয়ে মুক্তিযোদ্ধা তমছির আলীর স্ত্রী-সন্তানদের বসতঘর নিশ্চিহ্ন করে ঘরের মালামাল লুট করে নিয়ে যায়। তাদের সন্ত্রাসী হামলায় আহত হন মুক্তিযোদ্ধার স্ত্রী ময়মুন বিবি, ছেলে গিয়াস উদ্দিন, নাতি মাজেদ আহমদ, মুন্না মিয়া ও মাহিন আহমদ। তারা সকলেই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন বলে জানা গেছে। উত্তর শাহবাজপুর ইউপি মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের আহবায়ক তাজুল ইসলাম অভিযোগ করেন, এ খাস ভুমিতে ভুমিহীন ৮৬ পরিবারের সাথে ৮ জন মুক্তিযোদ্ধার পরিবারও বসবাস করেন। আব্দুল মান্নান গংরা মৃত মুক্তিযোদ্ধা তমছির আলীর পরিবারের নিরীহ সদস্যদের ওপর হামলা চালিয়ে বসত ঘর ভেঙ্গে গোটা উত্তর শাহবাজপুর ইউনিয়নকে তারা কলংকিত করেছে।
উত্তর শাহবাজপুর ইউপি চেয়ারম্যান আহমেদ জুবায়ের লিটন জানান, দীর্ঘদিন ধরে এখানে ভুমিহীন ৮৬টি পরিবার বসবাস করছে। একটি মহল মৃত মুক্তিযোদ্ধা তমছির আলীর স্ত্রী-সন্তানদের বসতঘর অপসারনের চেষ্টা চালায়। সম্প্রতি এ নিয়ে উত্তেজনা দেখা দিলে শাহবাজপুর ফাঁড়ি পুলিশ সেখানে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে স্থিতাবস্থা জারি করে। কিন্তু আব্দুল মান্নান গংরা তা ভায়লেট করে বসতঘর ভেঙ্গে দিয়েছে। শুনেছেন ভুক্তভোগীরা এব্যাপারে আদালতে মামলা করেছেন।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.