আব্দুর রব॥ কুলাউড়া উপজেলায় বিদ্যুৎ বিভাগের তার ও পুরাতন বৈদ্যুতিক মিটার চুরির অভিযোগে বিদ্যুৎ অফিসেরই ২ কর্মচারীকে বৃহস্পতিবার ১৬ জানুয়ারি বিকেলে আটক করেছে কুলাউড়া থানা পুলিশ। এদের একজন কুলাউড়া পিডিবি’র নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ের ষ্টোরকিপার তানভির আহমদ অপু ও অপরজন হল নিরাপত্তা প্রহরী গিয়াস উদ্দিন। দীর্ঘদিন ধরে সরকারী তার চুরিতে তাদের সম্পৃক্ততার অভিযোগ রয়েছে।
কুলাউড়া থানা পুলিশ ও বিদ্যুৎ (পিডিবি) অফিস সুত্রে জানা গেছে, ২০১৯ সালে কুলাউড়া বিদ্যুৎ সরবরাহ কেন্দ্রের কয়েক লক্ষ টাকার বৈদ্যুতিক তার চুরি হয়। এ ঘটনায় বিদ্যুৎ বিভাগ অজ্ঞাতনামা আসামীদের নামে কুলাউড়া থানায় মামলা দায়ের করে। কুলাউড়া থানা পুলিশ সেই অভিযোগের প্রেক্ষিতে ইতিপূর্বে চিহ্নিত চোরদের আটক করে। আটককৃত চোরদের জিজ্ঞাসাবাদের প্রেক্ষিতে বিদ্যুৎ সরবরাহ কেন্দ্রের ষ্টোর কিপার তানভীর আহমদ অপু ও নিরাপত্তা প্রহরী গিয়াস উদ্দিনকে বৃহস্পতিবার বিকেলে আটক করেছে কুলাউড়া থানা পুলিশ। নির্ভরযোগ্য সুত্র জানায়, কুলাউড়া বিদ্যুৎ সরবরাহ কেন্দ্রের ষ্টোর কিপার তানভির আহমদ অপু ও নিরাপত্তা প্রহরী গিয়াস উদ্দিন দীর্ঘদিন ধরে পিডিবি’র ষ্টোর থেকে লাখ লাখ টাকার সরকারী বৈদ্যুতিক তার ও শত শত পুরাতন বৈদ্যুতিক মিটার চুরি করে বিক্রি করছেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা কুলাউড়া থানার এসআই সনক কান্তি জানান, আটককৃতদের জিজ্ঞাসাবাদ চলছে। থানার ভারপ্রাপ্ত অফিসার সঞ্জয় চক্রবর্তী জানান, জিজ্ঞাসাবাদ শেষে নিশ্চিত হলে জানানো হবে।
কুলাউড়া বিদ্যুৎ সরবরাহ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী শামস আরেফিন জানান, তার অফিসের ২ বিদ্যুৎ কর্মচারিকে আটকের বিষয়ে পুলিশ তাকে নিশ্চিত করেনি। তবে বৈদ্যুতিক তার চুরির ঘটনার সত্যতা নিশ্চিত করে আরো জানান, ইতিপূর্বে সরকারী তার চুরির ঘটনায় কুলাউড়া পিডিবি অজ্ঞাতনামা চোরদের বিরুদ্ধে থানায় মামলা করে। পুলিশ আদালতে এ মামলার এফআইআর দাখিল এবং কয়েকজন চোরকেও গ্রেফতার করেছিল।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.