
আব্দুর রব॥ বড়লেখা উপজেলার পাল্লাথল চা বাগানে লোমহর্ষক ৬ হত্যাকান্ডের পর ঘাতক যুবকের আত্মহত্যার ঘটনাস্থল শনিবার দুপুরে পরিদর্শন করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী মো. শাহাব উদ্দিন এমপি।
এসময় মন্ত্রী নিহত জলি বুনার্জির মেয়ে চন্দনা বুনার্জিসহ চা বাগানের শোকাহত শ্রমিকদের সঙ্গে কথা বলেন এবং তাদের সান্তনা দেন। পরে তিনি পাল্লাথল চা বাগানের নির্মাণাধীন ভবন এবং চা শ্রমিকদের জন্য নির্মাণাধীন ঘর পরিদর্শন করেন। এ সময় উপস্থিত ছিলেন ইউএনও মোঃ শামীম আল ইমরান, পৌরসভার মেয়র আবুল ইমাম মোঃ কামরান চৌধুরী, থানার অফিসার ইনচার্জ মোঃ ইয়াছিনুল হক, উপজেলা ভাইস চেয়ারম্যান মুহাম্মদ তাজ উদ্দিন,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা উবায়েদ উল্লাহ খান,নারীশিক্ষা একাডেমী ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ একেএম হেলাল উদ্দিন, উত্তর শাহবাজপুর ইউপি চেয়ারম্যান আহমদ জুবায়ের লিটন, শাহবাজপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ (তদন্ত) মো. মোশাররফ হোসেন, পাল্লাথল চা বাগানের সহকারী ব্যবস্থাপক জাকির হোসেন।
উল্লেখ্য ১৯ জানুয়ারি ভোর রাতে উপজেলার উত্তর শাহবাজপুর ইউপির পাল্লাথল চা বাগানে পারিবারিক কলহের জের ধরে নির্মল কর্মকার দা দিয়ে কুপিয়ে তার স্ত্রী জলি বুনার্জিকে হত্যা করে। এসময় জলিকে বাঁচাতে গিয়ে নির্মলের দায়ের কোপে নিহত হন জলির মা লক্ষ্মী বুনার্জি। তাদের বাঁচাতে গিয়ে ঘাতকের দায়ের কোপে নিহত হন বসন্ত ভক্তা ও বসন্তের মেয়ে শিউলী ভক্তা। এসময় গুরুতর আহত হন বসন্তের স্ত্রী কানন ভক্তা। ঘটনার সময় পালিয়ে বেঁচে যায় জলির ৯ বছরের শিশুকন্যা চন্দনা বুনার্জি। একে একে সবাইকে হত্যার পর নিজেকেও শেষ করে দেয় পাষন্ড নির্মল। আহত কানন ভক্তা ৮ দিন ওসমানী হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে শেষ পর্যন্ত মারা যান।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.