
তোফায়েল পাপ্পু॥ প্রথমবারের মতো মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় চাষিরা সূর্যমুখী ফুলের চাষ করেছেন। সূর্যমুখী চাষে কৃষকদের উদ্বুদ্ধ করতে বিনামূল্যে সূর্যমুখীর বীজ ও সার দেয়া হয়েছে। প্রথম বারেই ফলন খুব ভালো হয়েছে। আগামীতে আরও বেশি জমিতে সূর্যমুখীর চাষ হবে বলে জানান উপজেলা কৃষি অফিস। এই ফসল চাষে লাভজনক তাই অন্যান্য ফসল চাষ বাদ দিয়ে এখানকার কৃষক সূর্যমুখী চাষে উদ্ধুত হচ্ছেন।
সূর্যমুখীর হাঁসিতে হাসছে মাঠ। ভোর হলেই সোনা রোদে চোখ মেলে ঝলমলে সূর্যমুখী। সূর্য মামার সঙ্গে মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলায় সূর্যমুখীর বাগানও জেগে উঠেছে। উপজেলার কামারগাও এলাকায় দিগন্ত বিস্তৃত ক্ষেতে সূর্যমুখীর চাষ। সড়কের পাশে চোখে পড়ে সোনা রোদের সঙ্গে সূর্যমুখীর হলুদ আভা। সবুজ পাতার আড়ালে মুখউচু করে আছে সূর্যমুখী। সূর্য্যের দিকে মুখ করে থাকে বলে তাই এ ফুলের নাম সূর্যমুখী। এ ফুলে বাগানে প্রায় প্রতিদিন বসে প্রজাপতি আর মৌমাছির মেলা। নয়ন জুড়ানো এ দৃশ্য মোহিত করছে সবাইকে। প্রতিদিন সকালে ও বিকেলে শহরসহ আশপাশ এলাকা থেকে সৌন্দর্য পিয়াসুরা দল বেঁধে আসেন সূর্যমুখী ফুলের বাগান দেখতে। এ ফুল দেখতে যেমন অদ্ভূত আকষর্ণীয়, তেমনি রয়েছে তার হাজারো গুনাগুণ। তাই কম খরচে বেশি লাভের আশায় সূর্যমুখী চাষে আগ্রহ বেড়েছে কমলগঞ্জ উপজেলার চাষীদের।
কৃষি বিভাগের সহায়তায় এবার অল্প পুঁজি দিয়ে পরীক্ষামূলকভাবে সূর্যমুখীর চাষ শুরু করেন পৌর কাউন্সিলর সৈয়দ জামাল হোসেন। এবার প্রথম বারের মতো পরীক্ষামূলকভাবে পৌর এলাকার কামারগাওয়ে এক বিঘা জমিতে হাসাইন- ৩৩ জাতের সূর্যমুখী চাষ করে ফলন ভাল হয়েছে। এতে কৃষক লাভবান হওয়ায় পৌর এলাকাসহ সদর উপজেলার কৃষকরা সূর্যমুখী ফুলের চাষ করতে উদ্ধুত হচ্ছেন অন্যান্য কৃষকরা।
এ ফুলে চাষে লাভ বেশি হওয়ায় তাকে দেখে স্থানীয় অন্যান্য কৃষকরাও সূর্যমুখীর বাগান গড়ে তুলতে প্রস্তুতি শুরু করেছেন। তাই এ ফুলের চাষাবাদ আরও বৃদ্ধি করার চিন্তাধারা আছে। এখানকার কয়েকটি গ্রামের চাষীরা লাভের আশায় এ সূর্যমুখী ফুলের চাষ করার উদ্যোগও নিয়েছেন। এর মাধ্যমে ভাগ্য বদলের স্বপ্ন দেখছেন তারা।
সূর্যমুখীর বীজ হাঁস মুরগির খাদ্যরূপে ও তেলের উৎস হিসেবে ব্যবহৃত হয়। বীজ যন্ত্রে মাড়াই করে তেল বের করা হয়। সূর্যমুখীর চাষ সারা বছর করা যায়। তবে অগ্রহায়ণ মাসে (মধ্য-নভেম্বর থেকে মধ্য-ডিসেম্বর) চাষ করলে ভাল ফলন পাওয়া যায়।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.