
স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার জেলার কেউ করোনা ভাইরাসে আক্রান্ত হলে রাজনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রেখে চিকিৎসা সেবা প্রদান করা হবে। এ লক্ষে ইতোমধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে শুরু করেছে স্বাস্থ্য বিভাগ।
এরই মাঝে নোটিশ দিয়ে শনিবার ৭ মার্চ থেকে হাসপাতালে সবধরণের রোগী ভর্তি করার কার্যক্রম বন্ধ করা হলেও রাতে সাধারণ মানুষের বিক্ষোভের মুখে আবারো রোগী ভর্তি করা শুরু করেছে কর্তৃপক্ষ।
৮ মার্চ রবিবার বিকেলে বিক্ষোভ করা হয়। এঘটনায় উপজেলার মানুষের মাঝে ক্ষোভ ও আতঙ্ক বিরাজ করছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, ৪ মার্চ ঢাকায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রনালয়ের স্বাস্থ্য সেবা বিষয়ক সভা অনুষ্ঠিত হয়।
সভায় করোনা ভাইরাস প্রতিরোধ এবং প্রতিকারে করণীয় সংক্রান্ত বিষয়ে আলোচনা হয়।
আলোচনা থেকে সিদ্ধান্ত নেয়া হয়, রাজনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রেখে জেলার করোনা ভাইরাসে আক্রান্তদের চিকিৎসা সেবা প্রদান করা হবে।
ফলে শনিবার থেকেই সবধরনের সাধারণ রোগীদের রাজনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ। পাশাপাশি অন্যান্য প্রস্তুতিও সম্পন্ন করা হচ্ছে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা. দেবেশ পোদ্দার স্বাক্ষরিত একটি নোটিশ হাসপাতালে সাটানো হয়েছে।
তবে করোনা আক্রান্তদের রাজনগরে হাসপাতালে রেখে চিকিৎসা সেবা দেয়ার সিদ্ধান্ত জানাজানি হলে সাধারণ মানুষের মাঝে ক্ষোভ ও আতঙ্ক ছড়িয়ে পড়ে।
এজন্য শনিবার রাতেই রাজনগর সদর ইউনিয়ন পরিষদের হলরুমে এক জরুরী সভা শেষে এক প্রায় ৩ শতাধিক মানুষ বিক্ষোভ মিছিল বের করে।
শনিবার রাতে সাধারণ মানুষের ক্ষোভের মুখে হাসপাতালে আবারো রোগী ভর্তি কার্যক্রম শুরু করে হাসপাতাল কর্তৃপক্ষ। এদিকে ওই রাতেই করোনা আইসোলেশন সেন্টারের মালামাল আনা হবে খবর ছড়িয়ে পড়লে মানুষ হাসপাতালের প্রধান গেটে তালা ঝুলিয়ে দেয়। পরে পুলিশ এসে তালা খুলে দেয়।
অপরদিকে করোনা সেবাকেন্দ্র অন্যত্র সড়িয়ে নেয়ার দাবিতে মাইকিং করে রবিবার বিকেলে আবারো বিক্ষোভ করেছেন রাজনগর উপজেলা সদরের ব্যবসায়ী, ইউপি চেয়ারম্যানবৃন্দ ও অন্যান্য রাজনৈতিক নেতৃবৃন্দ।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.