
স্টাফ রিপোর্টার॥ চলমান কোভিড--১৯ করোনা ভাইরাস মৌলভীবাজার পৌরসভার সকল কুকুরের ১ মাসের খাবারের দায়িত্ব নিলেন আওয়ামীলীগ নেতা লন্ডন প্রবাসী সোয়েল আহমদ।
১২ এপ্রিল রোববার থেকে তিনি এ কার্যক্রম শুরু করেছেন। তবে করোনা পরিস্থিতির উন্নতি না হলে তিনি নতুন করে উদ্যোগ নেবেন।
সোয়েল আহমদ কেন্দ্রীয় আওয়ামী লীগের ধর্মবিষয়ক উপকমিটির সদস্য। তার বাড়ি মৌলভীবাজার সদর উপজেলার কনকপুরে।
সোয়েল আহমদ বলেন, পৃথিবীতে সব প্রাণীর বাঁচার অধিকার আছে। চলমান সংকটে সব চেয়ে বেশি বিপদে পড়েছে মানুষের পাশাপাশি বসবাস করা কুকুর বিড়াল। দুইদিন আগে স্থানীয় সাংবাদিক রিপনদের মাধ্যমে জানতে পারি কুকুরের জন্য খাবার দরকার। তিনি ১ মাসের খাবার দেবেন বলে জানান।
সোহেল আরো বলেন, এই সব কুকুর মুখ খুলে বলতে পারছে না খাবারের প্রয়োজন। এই সব প্রাণীকে মানুষের প্রয়োজনে বাঁচিয়ে রাখা দরকার। তাই আমি এদের খাবারের উদ্যোগ নিয়েছি। প্রথম দিনে মনে হয়েছে পৌরসভার ভিতরে প্রায় ২’শ কুকুর আছে। যদি আরও কুকুর আসে তাদেরও খাবার দেব। এই সব কুকুর যদি খাবার না পায় সেটা মানুষের জন্যও হুমকি হবে। ক্ষুধার্ত কুকুর আক্রমণ করতে পারে।
তিনি আরো বলেন, আমি যতটা শুনেছি বাংলাদেশে প্রায় ১২ লাখ কুকুর আছে। সবাইকে এদের পাশে এগিয়ে আসার আহ্বান জানান। আলাদা খাবার দিতে পারলেও অন্তত নিজের উচ্ছিষ্ট খাবারটাই দেন।
তিনি বলেন, মানুষও যেন অভুক্ত না থাকে। আমি আমার এলাকার ১০০ পরিবারের দায়িত্ব নিয়েছি। প্রতিদিন রান্না করে বাড়ি বাড়ি খাবার পৌঁছে দিচ্ছি। আমি মনে করি, আমি যাদের দিচ্ছি তাদের রান্না করার কাঠও ঘরে নেই।
এ বিষয়ে বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপার জেলা কমিটির আহ্বায়ক আ.স.ম সালেহ সোহেল জানান, সোহেল আহমদের উদ্যেককে ধন্যবাদ জানাচ্ছি, এটা খুবই দরকারি ছিল। মানুষের পাশাপাশি কুকুরও বেঁচে থাকা দরকার। অন্যরাও এগিয়ে আসবেন বলে আশা প্রকাশ করেন তিনি।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.