আব্দুর রব: বড়লেখায় এখনও করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত কোন রোগী শনাক্ত হয়নি। ফলে উপজেলার মানুষজন অনেকটা স্বস্তিতে ছিলেন। কিন্তু কয়েকদিনে প্রশাসনের চোঁখ ফাঁকি দিয়ে করোনা ভাইরাস আক্রান্ত ঢাকা ও নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্ন জেলা থেকে মানুষজন বড়লেখায় ফিরছে। এতে স্থানীয় লোকজনের মধ্যে নতুন করে আতঙ্ক তৈরি হয়েছে।
স্থানীয় লোকজন আশঙ্কা করছেন, এলাকায় ফেরা এসব লোকজনের কেউ যদি করোনা আক্রান্ত হন তবে তাদের মাধ্যমে পরিবার বা এলাকার লোকজন করোনা আক্রান্ত হতে পারেন।
ধারণা করা হচ্ছে, মহাসড়কে বাস চলাচল বন্ধ থাকলেও এসব লোকজন জরুরী পরিবহণ কাজে নিয়োজিত ট্রাকসহ বিভিন্ন মাধ্যমে রাতে এলাকায় প্রবেশ করছে। স্থানীয় লোকজন এসব পরিবহণে নজরদারি বাড়ানোর দাবি জানিয়েছেন।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ঢাকা, নারায়ণগঞ্জ, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন জেলা থেকে বুধবার পর্যন্ত বড়লেখায় আসা ৩৭ ব্যক্তির তালিকা তৈরি করা হয়েছে। তারা উপজেলার বিভিন্ন গ্রামের বাসিন্দা। তারা বিভিন্ন পেশায় জড়িত রয়েছেন। করোনা সংক্রমণের ভয়ে তারা এলাকায় ফিরে এসেছেন। ইতিমধ্যে এসব ব্যক্তিদের হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে। তাদের হোম-কোয়ারেন্টিন নিশ্চিত করতে উপজেলা প্রশাসন বাড়ি বাড়ি অভিযান চালাচ্ছে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রত্নদ্বীপ বিশ্বাস বৃহস্পতিবার রাতে জানান, গত কয়েকদিনে ঢাকা, নারায়ণগঞ্জ, চট্টগ্রাম থেকে মানুষজন বড়লেখায় ফিরেছেন। বুধবার পর্যন্ত ৩৭ জন বড়লেখায় এসেছেন। তালিকা তৈরির পর তাদের প্রত্যেককে নিজ বাড়িতে হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শামীম আল ইমারন বলেন, দেশের বিভিন্ন এলাকা থেকে যারা বড়লেখায় ফিরেছেন। তাদের হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে। আমরা হোম কোয়ারেন্টিন নিশ্চিত করতে তাদের বাড়ি বাড়ি অভিযান চালাচ্ছি। তাদের বুঝাচ্ছি। এরপরও কেউ যদি হোম কোয়ারেন্টিন অমান্য করে, তবে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.