
আব্দুর রব॥ বড়লেখায় প্রতিকুল আবহাওয়ায়ও এবার বোরোর ভাল ফলনে ধানের উৎপাদন লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। গত এক সপ্তাহ ধরে কাল বৈশাখী ঝড়-বৃষ্টি মাথায় নিয়ে হাকালুকি হাওরপাড়ের কৃষকরা ধান কাটায় মেতে উঠেছে। করোনা মহামারিতে ধান কাটার শ্রমিক সংকট ও বৈরী আবহাওয়ায় পাকা ধান ঘরে তোলা নিয়ে চাষীরা যখন শঙ্কিত, ঠিক তখনই মৌলভীবাজার জেলা প্রশাসক নাজিয়া শিরীন শ্রমিকদের ধান কাটায় অনুপ্রেরণা যোগাতে ত্রাণ নিয়ে পাশে দাঁড়িয়েছেন।
২০ এপ্রিল সোমবার সকালে হাকালুকি হাওরপাড়ের বড়লেখা উপজেলার তালিমপুর ইউনিয়নের হাল্লা গ্রামের বোরো ক্ষেতে গিয়ে তিনি ১০০ ধান কাটা শ্রমিককে ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন। বড়লেখা উপজেলা কৃষি বিভাগ জানিয়েছে, এবার উপজেলার ১০ ইউনিয়নে বোরো ধানের আবাদ হয়েছে ৪ হাজার ৫৭৫ হেক্টর জমিতে। যা লক্ষ্যমাত্রার চেয়ে প্রায় ১০০ হেক্টর বেশি। কৃষি বিভাগের তৎপরতায় লক্ষ্যমাত্রার চেয়ে বেশি আবাদ হয়েছে। সবচেয়ে বেশি ধান আবাদ হয়েছে হাকালুকি হাওর পাড়ের তালিমপুর, সুজানগর ও বর্ণি ইউনিয়নে। অন্য ৭ ইউনিয়নেও কম-বেশি ধান আবাদ হয়েছে।
ফলন ভালো হওয়ায় এবার ধান উৎপাদনের লক্ষ্যমাত্র ধরা হয় ২৬ হাজার ২১৫ মেট্টিক টন। বড়লেখায় কৃষক পর্যায়ে নিজস্ব লোকজন দিয়েই ধান কাটানো হয়ে থাকে। এবার করোনাভাইরাসে অনেক দিনমজুর কর্মহীন হয়ে পড়ে। অন্য কাজ না থাকায় এদের ধান কাটায় কাজে লাগানো হয়েছে। ১৭ থেকে ২১ এপ্রিল পর্যন্ত বাংলাদেশের উত্তর-পূর্বাঞ্চল ও তৎসংলগ্ন ভারতের মেঘালয় ও আসামের বরাক অববাহিকায় ভারী (১০০ মি.মি থেকে ২৫০ মি.মি) বৃষ্টিপাতের আগাম সম্ভাবনায় কৃষি বিভাগ যেখানে ধান পাকছে, সেখানেই দ্রুত কৃষককে ধান কাটতে উৎসাহিত করেছিল। এতে অনেক কৃষক আগেই ধান কাটা শুরু করেছেন। আরো ১০-১২ দিন অনুকুল আবহাওয়া বিরাজ করলে ৮০ থেকে ৯০ ভাগ ধান কৃষকের গোলায় উঠবে বলে কৃষি বিভাগ আশা করছে।
এদিকে বোরো ধান কাটায় শ্রমিকদের উদ্বুদ্ধ করার লক্ষ্যে সোমবার মৌলভীবাজার জেলা প্রশাসক নাজিয়া শিরীন বড়লেখার ১০০ ধান কাটা শ্রমিককে খাদ্যসামগ্রী বিতরণ করেছেন। এসময় বড়লেখা উপজেলা চেয়ারম্যান সোয়েব আহমদ, ইউএনও মো. শামীম আল ইমরান, উপজেলা ভাইস চেয়ারম্যান তাজ উদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান রাহেনা বেগম হাছনা, উপজেলা কৃষি কর্মকর্তা দেবল সরকার, থানার ওসি মো. ইয়াছিনুল হক, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার উদ্দিন, কৃষকলীগ সভাপতি আব্দুল লতিফ প্রমুখ।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.