আব্দুর রব॥ বড়লেখায় নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতের নির্দেশে বিরোধপূর্ণ ভুমির ওপর পুলিশের জারিকৃত ১৪৪ ধারা ভঙ্গ করে প্রভাবশালীরা পাকা দালান নির্মাণ করছে। বৃহস্পতিবার বিকেলে ঘটনাস্থল পরিদর্শনে গেলে সংবাদকর্মীদের সম্মুখে অভিযুক্তরা সঙ্গবদ্ধভাবে বাদীকে বেধড়ক পিটিয়ে আহত করেছে।
জানা গেছে, উপজেলার ঘোলসা গ্রামের মৃত মুহিব আলীর ছেলে আব্দুস ছালাম সদইর স্বত্ত দখলিয় ৫১ শতক ভুমি জবর দখল করে পাকা দালান নির্মাণের পায়তারা চালায় প্রভাবশালী প্রতিবেশি মহব্বত আলী, সাবেক ইউপি মেম্বার সুনাহর আলী, এখলাছ আলী, আলী আহমদ ও হোসেন আহমদ। এ ভুমির একাংশ দিয়ে আব্দুস ছালাম সদইসহ ৫ পরিবারের লোকজন যাতায়াত করেন। প্রভাবশালীরা চলাচলের রাস্তা ও জবর দখলিয় ভুমির ওপর পাকা দালান নির্মাণের উদ্দেশ্যে ইট, সিমেন্ট, রড ও বালু জড়ো করায় ভুক্তভোগী আব্দুস ছালাম সদই বড়লেখা নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে বিবাদীদের বিরুদ্ধে ফৌজদারী কার্যবিধির ১৪৪ ধারার বিধান মতে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পিটিশন মামলা দায়ের করেন। আদালতের নির্দেশে গত ১৯ মার্চ থানার এসআই সাইফুল ইসলাম বিরোধীয় ভুমির ওপর ১৪৪ ধারা জারি করেন। কিন্তু বিবাদীরা পুলিশের জারিকৃত ১৪৪ ধারা ভঙ্গ করে পাকা দালান নির্মাণ করতে থাকে।
বৃহস্পতিবার বিকেলে সরেজমিনে ঘটনাস্থলে বিবাদীরা দাঁড়িয়ে থেকে বিরোধীয় ভুমিতে ও পাশের রাস্তার ওপর মিস্ত্রী দিয়ে পাকা দালান নির্মাণ করতে দেখা গেছে। সাবেক ইউপি মেম্বার সুনাহর আলী, মহব্বত আলী প্রমুখ বিবাদীরা জানান ক্রয়সুত্রে তারা এ ভুমির মালিক। আব্দুস ছালাম সদই তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা করেছে। স্থায়ীয় ইউপি চেয়ারম্যান সাহাব উদ্দিন ও থানার এসআই সাইফুল ইসলামের নির্দেশে তারা পাকা দালানঘর নির্মাণ করছেন। পিটিশন মামলার বাদী আব্দুস ছালাম সদই সংবাদকর্মীদের বিরোধীয় ভুমিতে জোরপূর্বক ঘর নির্মাণ, রাস্তা বন্ধ করে দেয়া ও গাছ কেটে ফেলার দৃশ্য দেখাতে গেলে বিবাদীরা সঙ্গবদ্ধ হয়ে কিলঘুষি ও লাটিসোটা দিয়ে বেধড়ক পিটিয়ে তাকে গুরুতর আহত করেন। বিবাদী হোসেন আহমদ বাদীকে পিস্তল দিয়ে গুলি করে মেরে ফেলারও হুমকি দেয়। এসময় তাদের হামলায় একজন সংবাদকর্মীও আহত হয়েছেন।
বড়লেখা থানার এসআই সাইফুল ইসলাম জানান, আদালতের নির্দেশে তিনি বিরোধপূর্ণ ভুমিতে ১৪৪ ধারার নোটিশ জারি করে বিবাদীদের সবধরণের নির্মাণ কাজ বন্ধ করতে বলেছেন। এ সংক্রান্ত প্রতিবেদনও তিনি ইতিমধ্যে আদালতে দাখিল করেছেন। তিনি নির্মাণ কাজ চালিয়ে যাওয়ার নির্দেশ দেয়ার প্রশ্নই আসে না। ওরা মিথ্যা বলেছে। ১৪৪ ধারা ভঙ্গ করে বিবাদীরা দালানঘর নির্মাণের কাজ চালিয়ে গেলে বাদী আদালতে ১৮৮ জারির আবেদন করতে পারেন।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.