
আব্দুর রব॥ বড়লেখায় করোনাভাইরাস আক্রান্ত প্রথম রোগী শনাক্ত হয়েছে। শনিবার সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় ওই রোগীর করোনা শনাক্ত হয়। তাকে সিলেট শহীদ শামসুদ্দিন হাসপাতালের করোনা আইসোলেশন সেন্টারে চিকিৎসা দেয়া হচ্ছে। আক্রান্ত ব্যক্তির নাম ছইন উদ্দিন (৩৫)। তিনি উপজেলার দক্ষিণভাগ দক্ষিণ ইউপির কাশেমনগর গ্রামের মৃত মজুফ মিয়ার ছেলে। শনিবার রাত পৌনে দু’টায় উপজেলা প্রশাসন করোনা আক্রান্ত যুবকের পুরো গ্রাম লকডাউন করেছে। রোববার দুপুরে লকডাউনকৃত পরিবারগুলোতে খাদ্যসামগ্রী বিতরণ করেছেন ইউএনও মো. শামীম আল ইমরান।
শহীদ শামসুদ্দিন হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. সুশান্ত মহাপাত্র জানান, বড়লেখার দক্ষিণভাগ ইউপির ওই যুবক জ্বর-কাশিসহ করোনার উপসর্গ নিয়ে ২০ এপ্রিল শামসুদ্দিন হাসপাতালে ভর্তি হন। শনিবার নমুনা পরীক্ষায় তার করোনা পজেটিভ ধরা পড়ার বিষয়টি বড়লেখা উপজেলা প্রশাসনকে অবহিত করা হয়।
বড়লেখা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রত্নদীপ বিশ্বাস জানান, করোনা আক্রান্ত রোগী শনাক্তের পরই শনিবার রাত দু’টায় তিনিসহ উপজেলা নির্বাহী অফিসার মো: শামীম আল ইমরান ও থানার ওসি মো. ইয়াছিনুল হক স্থানীয় জনপ্রতিনিধির সহযোগিতায় আক্রান্ত রোগীর পুরো গ্রাম লকডাউন করেছেন।
ইউএনও মো. শামীম আল ইমরান জানান, করোনা আক্রান্ত ব্যক্তির গ্রাম লকডাউন করা হয়েছে। এখন থেকে ওই গ্রামের কেউ বের হতে পারবে না এবং বাহিরের কেউ ঢুকতেও পারবে না। ২৬ এপ্রিল রোববার দুপুরে লকডাউনকৃত গ্রামের পরিবারগুলোতে তিনি খাদ্যসামগ্রী সরবরাহ করেছেন।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.