
স্টাফ রিপোর্টার॥ জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মৌলভীবাজার জেলা কার্যালয় এর সহকারী পরিচালক মোঃ আল-আমিন এর নেতৃত্বে কমলগঞ্জ উপজেলার নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর হাট বাজার ও দোকানে মনিটরিং ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়।
১১ মে সোমবার কালেঙ্গা বাজার, চাতলাপুর রোড, ষ্টেশন রোড, ভেতরবাজার, শমসেরনগর বাজারসহ বিভিন্ন জায়গায় তদারকি করে ব্যবসায়ীদের সর্বনিম্ন লাভে পণ্য সামগ্রী বিক্রয় করার জন্য অনুরোধ করা হয়। খুচরা ব্যবসায়ীদের ক্রয় ভাউচারের সাথে বিক্রয়মূল্য যাচাই করা হয়। অনেক মানুষের আয় কম এবং অনেকের আয়ের পথ বন্ধ হয়ে গেছে উল্লেখ করে ব্যবসায়ীদেরকে সর্বনিম্ন লাভে বিক্রয় করা জন্য অনুরোধ জানানো হয়।
চাঁদনীঘাট ইউনিয়নের চাঁদনীঘাট ব্রিজের পাশে নিছা এন্টারপ্রাইজের এর ট্রাক এবং সুলতান পুরে মারুফ এন্টারপ্রাইজের ট্রাকে টিসিবি কর্তৃক ন্যায্য মূল্যে পণ্য সামগ্রী বিক্রয় হচ্ছে। উক্ত অভিযানে তেল, চিনি, ডাল, খেজুর ও ছোলা বিক্রির কাজে নিয়োজিত ট্রাক ডিলারের কার্যক্রম তদারকি করা হয়।
সয়াবিন তেল ৮০ টাকা লিটার, চিনি ৫০ টাকা কেজি, ডাল ৫০ টাকা কেজি দরে টিসিবির ট্রাক ডিলারগণ বিক্রয় করছেন। উক্ত তদারকি অভিযানে মূল্য তালিকা না রাখা, অনৈতিক ভাবে দাম বাড়িয়ে নিত্য প্রয়োজনীয় পণ্য বিক্রি করাসহ বিভিন্ন অনিয়মের দায়ে ষ্টেশন রোডে অবস্থিত মদন এন্ড ব্রাদার্সকে ৩ হাজার টাকা, চাতলাপুর রোডে অবস্থিত সুমন ষ্টোরকে ২ হাজার টাকাসহ মোট ৫ হাজার টাকা জরিমানা আরোপ ও তা আদায় করা হয়।
উক্ত অভিযানে নিম্নমানের ও পঁচনশীল চাল বিক্রয় এবং পরবর্তীতে পরিবর্তনে অনীহা প্রকাশ করার দায়ে মো: নূরুল মোহাইমীন মিল্টন নামক একজন অভিযোগকারীর অভিযোগের প্রেক্ষিতে চাতলাপুর রোডে অবস্থিত মেসার্স লাকী ট্রের্ডাসকে ৮ হাজার টাকা জরিমানা ও আদায় করা হয়। আইন অনুসারে জরিমানার ২৫%=২,০০০/- টাকা অভিযোগকারীকে প্রদান করা হয়।
উক্ত অভিযানে সর্বমোট ১৩ হাজার টাকা জরিমানা ও তা আদায় করা হয়। পেঁয়াজ, রসুন, আদা, চাল, তেল, শাক-সবজি, কাচামাল এবং বিভিন্ন জাতের ফলসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী ন্যায্য মূল্যে প্রাপ্তি নিশ্চিত করার লক্ষ্যে এবং কেউ যাতে খাদ্য মজুত করে কৃত্রিম সঙ্কট তৈরি করতে না পারে, ভোগ্য পণ্য সামগ্রীর দাম যেন কেউ অনৈতিক ভাবে বাড়াতে না পারে সেই ক্ষেত্রে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কর্তৃক প্রতিনিয়ত বাজার মনিটরিং কার্যক্রম চলমান থাকবে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.