
এম. মছব্বির আলী/এইচ ডি রুবেল॥ মৌলভীবাজারের কুলাউড়ায় করোনা ভাইরাস সংক্রমণের ঝুঁকি বিবেচনায় বিভিন্ন এলাকাকে রেড, ইয়োলো ও গ্রিন জোনে ভাগ করা হয়েছে। এরই ধারাবাহিকতায় কুলাউড়া পৌরসভাসহ ২টি ইউনিয়নের তিনটি এলাকা রেড জোন ঘোষণার পর লকডাউন করেছে উপজেলা প্রশাসন।
১৭ জুন বুধবার বিকেল ৪ ঘটিকা থেকে উপজেলার বরমচাল ইউনিয়নের নন্দনগর গ্রাম, পৌরসভার মাগুরা আবাসিক এলাকা ও কাদিপুর ইউনিয়নের মনসুর আংশিক এলাকায় বাঁশ দিয়ে ব্যারিকেড দিয়ে প্রশাসনের পক্ষ থেকে রেড জোন এলাকা চিহিৃত করে লকডাউন কার্যকর করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এটিএম ফরহাদ চৌধুরী। এ জোনের আওতায় কোন বাসিন্দা কেউ বাইরে যেতে বা বাইরে থেকে কেউ এ জোনের ভেতরে প্রবেশ করতে পারবে না। এ জোনের দোকানপাট, বিপণিবিতান, সরকারি-বেসরকারি কার্যালয় সব বন্ধ থাকবে। এছাড়া কৃষি পণ্যেবাহী যানবাহন, জরুরী সেবা ব্যতিত সর্বসাধারণের চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করা হয়। লকডাউন কার্যকরের সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম সফি আহমদ সলমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নুরুল হক, কুলাউড়া থানার অফিসার ইনর্চাজ মো. ইয়ারদৌস হাসান, ওসি (তদন্ত) সঞ্জয় চক্রবর্তী, ইউপি চেয়ারম্যান আব্দুল আহবাব শাহজাহান, কাউন্সিলর তানভীর আহমদ শাওন প্রমুখ। রেড জোন কৃত এলাকায় পুলিশ, স্কাউট্স, গ্রাম পুলিশ ও স্বেচ্ছাসেবীরা বাঁশের ব্যারিকেডে দায়িত্ব পালন করছেন। এদিকে কুলাউড়ায় ইয়োলো জোনে পড়েছে উপজেলার জয়চণ্ডী, ব্রাহ্মণবাজার, কাদিপুর (মনসুর এলাকা) ও হাজীপুর ইউনিয়ন। গ্রিন জোনে পড়েছে উপজেলার ভূকশিমইল, ভাটেরা, কুলাউড়া সদর, রাউৎগাঁও, টিলাগাঁও, কর্মধা, পৃথিমপাশা ও শরীফপুর ইউনিয়ন।
এ ব্যাপারে ইউএনও এটিএম ফরহাদ চৌধুরী জানান, করোনা পরিস্থিতিতে প্রশাসনের পক্ষ থেকে সার্বিক প্রস্তুুতি নেওয়া হয়েছে। জরুরী প্রয়োজনে লোকজনদের সেবা দিতে হটলাইন সার্বক্ষণিক চালু থাকবে। প্রয়োজনে রেডজোনে আওতাভুক্ত দরিদ্র লোকদের খাদ্য ও আর্থিক সহযোগিতা প্রদান করা হবে। ৪১ মেট্রিক টন সরকারি চাল মজুদ আছে। তিনি আরো বলেন, প্রতিটি এলাকায় রেড জোন বাস্তবায়নে জেলা প্রশাসনের তত্ত্বাবধানে স্থানীয় উপজেলা প্রশাসনের সাথে পুলিশ প্রশাসন, স্বাস্থ্য বিভাগ, স্থানীয় জনপ্রতিনিধি, স্কাউট্স ও স্বেচ্ছাসেবীরা কাজ করবেন।
উল্লেখ্য, কুলাউড়া উপজেলা থেকে ৬২৪ টি সংগ্রহীত স্যাম্পুলের রিপোর্টে ৫৩ জনের করোনা পজেটিভ সনাক্ত হয়েছে। এরমধ্যে ৯ জন সুস্থ হয়েছেন।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.