
শ্রীমঙ্গল প্রতিনিধি॥ শ্রীমঙ্গলে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনে আবারো বাচ্চা ফোটালো অজগর।
২৩ জুলাই বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় খবর পাওয়া যায় বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনে খাঁচার ভেতর ডিম দেয়ার পর দীর্ঘ দুই মাস কিছু না খেয়ে ডিমে তা দিয়ে সফলভাবে বাচ্চা ফুটাতে শুরু করে অজগরটি।
একটি মা অজগর শ্রীমঙ্গল বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনে খাঁচার ভেতর ৩১টি ডিম দেয়। তার পর ক্ষুধার্ত অবস্থায় দুই মাস ডিমে তা দেয়ার পর বাচ্চার মুখ দেখতে পায় অজগর সাপটি।
জানা যায় (২৮মে) খাঁচার ভেতর সাপটি ডিম দেয়। ডিম দেয়ার পর নিজের শরীর দিয়ে ডিম গুলোকে ভালভাবে পেচিয়ে তা দিতে থাকেন মা অজগরটি। অবশেষে গতকাল ২২ জুলাই বুধবার রাত থেকে বাচ্চা ফোটানো শুরু করে। আজ ২৩ জুলাই বৃহস্পতিবার পর্যন্ত ২৯ টি বাচ্চা ফোটায় সাপটি।
এ বিষয়ে জানতে চাইলে শ্রীমঙ্গল বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক সজল দেব বলেন, সপটি গত ২৮ মে মোট ৩১টি ডিম দিয়েছিল। দীর্ঘ দুই মাস ডিমে তা দেয়ার পর এ পর্যন্ত ২৯ টি বাচ্চা ফুটেছে। তিনি বলেন আরও ৩টি ডিম বাকি আছে। এগুলো থেকে আজ কালের মধ্যেই বাচ্চা ফুটবে বলে আশাবাদী। তিনি আরও বলেন সবগুলি বাচ্চা ফোটানোর পর লাউয়াছড়া ও সাতছড়ি জাতীয় উদ্যানে নিয়ম মেনে এগুলোকে অবমুক্ত করা হবে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.