
প্রনীত রঞ্জন দেবনাথ॥ কমলগঞ্জে বিষপানে নিকুঞ্জ মল্লিক (৫৫) নামে এক ব্যক্তি আত্মহত্যা করেছেন। আলীনগর ইউনিয়নের নছরতপুর গ্রামে মালাকার পল্লীতে ৩১ জুলাই শুক্রবার দিবাগত রাত ১টায় এ ঘটনা ঘটে।
কমলগঞ্জ থানা ও গ্রামবাসী সূত্রে জানা গেছে, নছরতপুর গ্রামের মালাকার পল্লীর তিন কন্যা সন্তানের জনক নিকুঞ্জ মল্লিক শুক্রবার দিবাগত রাতে বিষপান করে আত্মহত্যা করেন।
ঘটনার খবর পেয়ে রাত ২টায় কমলগঞ্জ থানার পুলিশ লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।
লাশের ময়নাতদন্তের জন্য ১ আগস্ট শনিবার সকালে মৌলভীবাজার ২৫০ শয্যা সদর হাসপাতালে প্রেরণ করা হয়।
স্থানীয় সূত্র জানায়, পারিবারিক বিরোধকে কেন্দ্র করে অভিমান করে নিকুঞ্জ মল্লিক বিষপান করে আত্মহত্যা করেছেন।
আলীনগর ইউনিয়নের চেয়ারম্যান ফজলুল হক বাদশা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লোকমুখে বিষয়টি তিনি শুনেছেন। তবে শুক্রবার রাতে মুঠোফোনে কে একজন তাকে জানিয়েছিল নছরতপুর মালাকার পল্লীতে কি একটি বিরোধ চলছে। বিস্তারিত তাকে কেউ জানাননি। সকালে শুনেছেন বিষপানে একজন মারা গেছেন।
কমলগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) সুধীন চন্দ্র দাশ বলেন, বিষপানের কোনো কারণ জানা যায়নি। ময়নাতদন্তের জন্য লাশটি মৌলভীবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। আপাতত থানায় একটি অপমৃত্যু দায়ের হবে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.