
আব্দুর রব॥ বড়লেখায় প্রাণঘাতি করোনাভাইরাস আরও একজনের প্রাণ কেড়ে নিয়েছে। শনিবার রাতে সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই নারীর মৃত্যু হয়েছে। নিহতের নাম খায়রুন নেছা (৮০)। তিনি বড়লেখা সদর ইউপির মুছেগুল গ্রামের মৃত মিয়াজান আলীর স্ত্রী। ২ আগস্ট রোববার সকালে স্বাস্থ্যবিধি মেনে ওই নারীর দাফন সম্পন্ন হয়েছে। এনিয়ে এ উপজেলায় করোনায় তিনজনের মৃত্যু ঘটলো।
উপজেলা স্বাস্থ্য বিভাগ ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, খায়রুন নেছা দীর্ঘদিন থেকে হৃদরোগে ভুগছিলেন। হঠাৎ তার জ্বর ও শ্বাসকষ্ট দেখা দেয়। ২৪ জুলাই তাকে সিলেট এমএজি ওসামীন মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার নমুনা পরীক্ষা করা হয়। ২৫ জুলাই তার করোনা পজিটিভ আসে। পরদিন ২৬ জুলাই তাকে সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ভর্তি করা হয়। শনিবার সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
বড়লেখা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রত্নদীপ বিশ্বাস এ তথ্য নিশ্চিত করে রোববার বিকেলে জানান, স্বাস্থ্যবিধি মেনে তাকে দাফন করা হয়েছে। তার বাড়ি লকডাউন করা হয়েছে।
মৌলভীবাজার জেলায় করোনা আক্রান্ত হয়েছেন ৯৯১ জন। হোম কোয়ারেন্টাইনে আছেন ৩০৯০ জন ও প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে আছেন ৭ জন। সুস্থ হয়েছেন ৫৭১ জন। করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন এ পর্যন্ত ১৮ জন ও করোনা উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ৫০ জনের।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.