রাজনগর প্রতিনিধি॥ রাজনগরে ছাব্বির আহমদ (২০) নামক এক যুবককে অপহরণ করা হয়েছে। অপহরণকারীরা ওই যুবকের পিতার কাছে মোবাইল ফোনে ৩০ লাখ টাকা মুক্তিপন দাবী করেছে। মুক্তিপনের টাকা না দিলে লাশ বুড়িগঙ্গায় ভাসিয়ে দেয়ার হুমকি দিয়েছে।
২৩ জুলাই শনিবার সকাল সাড়ে নয়টার দিকে ছাব্বিরের মোবাইল ফোনে মুক্তিপন দাবী করেছে অপহরণকারীরা। এঘটনায় রাজনগর থানায় একটি সাধারণ ডায়রি করা হয়েছে। অপহৃত ছাব্বির আহমদের পারিবারিক সুত্রে জানা যায়, উপজেলার পাঁচগাঁও ইউনিয়নের আমীরপুর গ্রামের আনিছুর রহমানের ছেলে ছাব্বির আহমদ (২০) শুক্রবার সকালে রাজনগর বাজারে ডাক্তার দেখানোর কথা বলে বের হয়ে আসে। বিকাল পর্যন্ত বাড়িতে না যাওয়ায় তার খোঁজ পড়ে। তার মোবাইল ফোনে বারবার কল দেয়া হলেও কেউ রিসিভ করেনি। পরে তাকে বিভিন্ন স্থান ও আত্মীয়-স্বজনের বাড়িতে খোঁজাখোজি করেও কোন সন্ধান পাওয়া যায়নি। পরে ২৩ জুলাই শনিবার দুপুরে রাজনগর থানায় সাধারণ ডায়রি (নং-৯৩১, তারিখ-২৩-৭-১৬) করা হয়।
অপহৃত ছাব্বির আহমদের পিতা আনিছুর রহমান জানান, শনিবার সকাল সাড়ে নয়টার দিকে ছাব্বিরের মোবাইল ফোন থেকে তার মোবাইলে একটি ফোন আসে। অপরপ্রান্ত থেকে তাকে ৩০ লাখ টাকা রেডি রাখার জন্য বলে। না হলে ছাব্বিরের লাশ বুড়িগঙ্গায় ভাসিয়ে দেয়ারও হুমকি দিয়ে ফোন কেটে দেয়। এসময় ছাব্বিরের সঙ্গে কথা বলতে চাইলেও তাকে কথা বলায়নি অপহরণকারীরা। এরপর বারবার যোগাযোগ করেও নম্বরটি বন্ধ পাওয়া যাচ্ছে।
রাজনগর থানার অফিসার্স ইনচার্জ আব্দুল বাছেদ জানান, অপহৃত ছাব্বিরের পিতার অভিযোগ সাধারণ ডায়রীভুক্ত করা হয়েছে। তদন্ত চলছে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.