আব্দুর রব॥ কুলাউড়া-চান্দগ্রাম আঞ্চলিক মহাসড়কের হাতলিঘাট নামক স্থানের রাস্তা অর্ধেক দেবে মরণ ফাঁদে পরিণত হয়েছে। দেড় মাস ধরে রাস্তার প্রায় ২৫ মিটার স্থান খাড়াভাবে দেবে যাওয়া স্থান দিয়ে মারাত্মক ঝুকি নিয়ে যানবাহন চলাচল করলেও কর্তৃপক্ষের নজর নেই। এতে যে কোন সময় মারাত্মক দুর্ঘটনার আশংকা রয়েছে। ঝুঁকিপূর্ণ রাস্তাটি দ্রুত মেরামতের ব্যবস্থা নিতে বড়লেখা ইউএনও সওজের নির্বাহী প্রকৌশলীকে চিঠি দিয়েছেন। এর আগে তিনি রাস্তাটি পরিদর্শন করেন।
জানা গেছে, মৌলভীবাজার জেলা সদর থেকে সড়ক ও জনপথ বিভাগের আঞ্চলিক মহাসড়কটি কুলাউড়া, জুড়ী ও বড়লেখা উপজেলা হয়ে চান্দগ্রাম বাজার ও বিয়ানীবাজার উপজেলা সদর হয়ে সিলেটে গিয়েছে। কুলাউড়া-চান্দগ্রাম আঞ্চলিক মহাসড়কের খানাখন্দে ভরা ৩০ কিলোমিটার স্থানের সংস্কার কাজ ২০১৮ সালের শেষের দিকে সম্পন্ন করেন সংশ্লিষ্ট ঠিকাদার। কাজ সম্পন্নের দেড় বছরের মাথায় রাস্তাটির জুড়ী ও দক্ষিণভাগের মধ্যবর্তী হাতলিঘাট নামক স্থানে প্রায় ২৫ মিটার জায়গা খাড়াভাবে দেবে যাওয়ায় দুর্ভোগে পড়ে এ সড়কে চলাচলকারী যানবাহন। বিশেষ করে দুরবর্তী যাত্রীবাহী ও মালবাহী যানবাহনগুলো হঠাৎ নিচু রাস্তায় পড়ে দুর্ঘটনায় পড়ছে। সরেজমিনে গেলে অটোরিকশা (সিএনজি) চালক হাফিজ উদ্দিন জানান, প্রায় দেড় মাস ধরে দেবে যাওয়া রাস্তায় হালকা যানবাহন উল্টে দুর্ঘটনা ঘটছে। দিন দিন রাস্তার দেবে যাওয়া বাড়ছে। রাস্তাটি মরণ ফাঁদে পরিণত হলেও মেরামতের দিকে যেন কারো নজর নেই। দ্রুত ব্যবস্থা না নিলে যে কোন সময় বড়ধরণের দুর্ঘটনার আশংকা রয়েছে। লাইটেস চালক চেরাগ আলী ক্ষোভের সাথে জানান, কাজ শেষ হওয়ার দেড় বছরেই রাস্তÍার অস্বাভাবিক দেবে যাওয়াই প্রমাণ করে ঠিকাদার কাজে মারাত্মক অনিয়ম করেছে।
বড়লেখা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শামীম আল ইমরান জানান, কুলাউড়া-চান্দগ্রাম আঞ্চলিক মহাসড়কের হাতলিঘাটে দেবে যাওয়া এলাকা পরিদর্শন করে তিনি জেলা প্রশাসককে লিখিতভাবে জানিয়েছেন এবং দ্রুত ব্যবস্থা নিতে সওজের নির্বাহী প্রকৌশলীকে চিঠি দিয়েছেন।
সওজের নির্বাহী প্রকৌশলী (মৌলভীবাজার) জিয়া উদ্দিন জানান, রাস্তার উক্ত স্থানে মাটির নিচে দীর্ঘদিনের সমস্যা থাকায় রাস্তার কিছু অংশ দেবে গেছে। রাস্তাটি মেরামতের জন্য বরাদ্দ চেয়ে ঢাকায় চিঠি পাঠিয়েছেন। আপাতত চলাচল উপযোগী করতে সংশ্লিষ্ট ঠিকাদারকে নির্দেশ দিয়েছেন।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.