
বিশেষ প্রতিনিধি॥ সাবেক সংসদ সদস্য, বাংলাদেশ বার কাউন্সিলের সাবেক সদস্য, ঢাকা মেট্রোপলিটন বার এসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সভাপতি, বিশিষ্ট রাজনীতিবিদ, শিক্ষানুরাগী ও সমাজসেবক এডভোকেট এএনএম ইউসুফ এর গত ২২ অক্টোবর ১১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভায় মরহুমকে আইন পেশা বাতিঘর এবং অনন্য ব্যক্তিত্ব হিসেবে আখ্যায়িত করা হয়।
ঢাকা মেট্রোপলিটান আইনজীবী সমিতি মিলনায়তনে ২৫ অক্টোবর রোববার বিকেলে মরহুমের জুনিয়রবৃন্দের উদ্যোগে স্মরণসভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। স্মরণসভায় সভাপতিত্ব করেন মরহুমের জুনিয়র, ঢাকা মেট্রো বারের সাবেক সভাপতি আরফান উদ্দিন খান। এড. গোলাম সাবের চৌধুরীর সঞ্চালনায় আলোচনায় অংশগ্রহণ করেন মেট্রো বারের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, মেট্রো বারের সাবেক সহ-সভাপতি আরিজ আহমেদ, ইসমাইল হোসেন খান, সাবেক সাধারণ সম্পাদক প্রাণবল্লব ঘোষ, নাজমা আক্তার, হাফিজুর রহমান পাটোয়ারী ও মানিকুর রহমান, মোঃ সেলিম, সেলিনা আক্তারসহ অন্যান্য আইনজীবীগণ।
বক্তাগণ বলেন. ১৯১৮ সালে মৌলভীবাজার জেলার কুলাউড়ায় জন্মগ্রহণকারী মরহুম ইউসুফ অত্যন্ত মেধাবী ও অধ্যবসায়ী ছিলেন। রাজনীতির পাশাপাশি পরিণত বয়সে বিএ, এমএ, এলএলবি ডিগ্রী লাভ করে বার কাউন্সিলে সদস্য নির্বাচিত হয়ে এনরোলমেন্ট কমিটির চেয়ারম্যানের দায়িত্ব পালন করে সফলতার স্বাক্ষর রেখেছিল। তিনি অসংখ্য বিদ্যাপীঠ প্রতিষ্ঠা করে স্মরণীয় হয়ে আছেন। ঢাকা ন্যাশনাল মেডিকেল হসপিটালের সাধারণ সম্পাদক এবং ফেডারেল হোমিওপ্যাথিক কলেজের সহ-সভাপতি, ঢাকা কালেক্টরীক মসজিদের প্রতিষ্ঠাতা সদস্যসহ অন্যান্য প্রতিষ্ঠানের মাধ্যমে সমাজসেবায় মরহুম ইউসুফ অনন্য ভূমিকা পালন করেন। দেশব্যাপী তাঁর অসংখ্য আইনজীবী জুনিয়র ছিল। শেষে মওলানা নূর মোহাম্মদ এর পরিচালনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.