
কুলাউড়া প্রতিনিধি॥ কুলাউড়া উপজেলার রাউৎগাঁও ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে সোমবার ২ নভেম্বর নিঃস্ব সহায়ক সংস্থা (এনএসএস) সিলেট এর উদ্যোগে ও মৌলভীবাজার বিএনএসবি চক্ষু হাসপাতালের সহযোগিতায় অসহায় ও দরিদ্র মানুষের মধ্যে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসাসেবা দেয়া হয়েছে।
রাউৎগাঁও ইউপি চেয়ারম্যান মোঃ আব্দুল জলিল জামাল এর সভাপতিত্বে ও সংস্থার কো-অর্ডিনেটর ফজলে মাওলা চৌধুরী ফুয়াদের পরিচালনায় চক্ষু শিবিরের উদ্বোধনীতে প্রধান অতিথি ছিলেন নিঃস্ব সহায়ক সংস্থার নির্বাহী পরিচালক, সিলেট শাবিপ্রবি’র সাবেক রেজিস্টার জামিল আহমদ চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন লংলা আধুনিক ডিগ্রী কলেজের অধ্যক্ষ (ভার:) আতাউর রহমান, কুলাউড়া উপজেলা হাসপাতালের ডা. মোঃ আশরাফ হোসেন ভুঞা, কুলাউড়া প্রেসক্লাব সভাপতি এম শাকিল রশীদ চৌধুরী, বিশিষ্ট সমাজসেবী রাজানুর রহিম ইফতেখার, সাংবাদিক আব্দুল কুদ্দুছ ও এস আর অনি চৌধুরী।
বক্তারা আয়োজকদের ধন্যবাদ জানিয়ে সমাজের অবহেলিত ও অসহায় মানুষের জীবন-মান উন্নয়নে সংস্থার বিভিন্ন সেবামূলক কাজের প্রশংসা করে কার্যক্রমের ধারাবাহিকতা অব্যাহত রাখার আহ্বান জানান।
ফ্রি চক্ষু শিবিরে মৌলভীবাজার বিএনএসবি চক্ষু হাসপাতালের ডা. আব্দুল মান্নান এর নেতৃত্বে ৩ সদস্যের এক মেডিকেল টিম উপজেলার রাউৎগাঁওসহ বিভিন্ন এলাকার প্রায় ৮ শতাধিক পুরুষ-মহিলা চক্ষুরোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করেন।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.