
বিশেষ প্রতিনিধি॥ কুলাউড়া পৌরসভা নির্বাচনে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনায় বিএনপি সমর্থিত ধানের শীষের প্রার্থী কামাল উদ্দিন জুনেদ আহত হয়েছেন।
শনিবার দুপুর আড়াইটার দিকে ৫নং ওয়ার্ডে কুলাউড়া বালিকা উচ্চ বিদ্যালয় (উছলাপাড়া আংশিক, দক্ষিণবাজার ও দক্ষিণ রেলওয়ে কলোনী) কেন্দ্রে ঘটনাটি ঘটে।
স্থানীয় গণমাধ্যম কর্মী ও প্রত্যক্ষদর্শীরা জানায়, উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক রুমেল আহমদ বেশ কয়েকজন নেতাকর্মীকে নিয়ে ব্যালট পেপার (নৌকা প্রতীক) অবৈধ সীল দেন। এসময় বিএনপি’র মেয়র প্রার্থী কামাল উদ্দিন জুনেদ বাধা দিতে গেলে তাদের হাতে তিনি ঝখম হন। এই ঘটনায় দু’পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। পুলিশ এসে লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
বিএনপি প্রার্থী আহত হবার পর তার সহধর্মিনী সাহেলা চৌধুরী পুলিশ সদস্যদের উদ্দেশ্য করে বলেন, “আমি বিচার আপনাদের কাছে দেবো না! আল্লাহর কাছে বিচার দিলাম। আপনারা যে কাজ করেছেন, আবার বলছেন সহযোগীতা করবেন”। পরে এ্যাম্বুলেন্সে করে তাকে সেখান থেকে হাসাপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে তাকে উন্নত চিকিৎসার জন্য সিলেট এম.এ.জি. ওসমানী হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে বলে নিশ্চিত করেছেন উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক বদরুজ্জামান সজল।
বিষয়টি নিশ্চিত করে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব ও শিক্ষা) মল্লিকা দে বলেন, কিছু দুষ্কৃতিকারী ব্যালট পেপারে সীল মারে। পরে সাময়িক ভোট গ্রহণ বন্ধ রেখে অবৈধ সীল মারা ব্যালটগুলো বাতিল করা হয়।
এ ঘটনায় আওয়ামীলীগের সমর্থক আজিজুর রহমান নামের একজন আটক করেছে বলে নিশ্চিত করেন কুলাউড়া থানার ডিউটি অফিসার এএসআই ফাহিমা।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.