
আব্দুর রব॥ বড়লেখায় ইঞ্জিনিয়ার সাইফুর রহমান হত্যা মামলার সন্দিগ্ধু আসামী জয়নাল উদ্দিনকে ৪ দিনের রিমান্ডে নিয়েছে থানা পুলিশ। ২৪ জানুয়ারী রোববার বড়লেখা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হরিদাস কুমার তার রিমান্ড মঞ্জুর করেন। জয়নাল উদ্দিন (৫৫) উপজেলার বর্নি ইউপির আহমদপুর গ্রামের মৃত মস্তাব আলীর ছেলে।
৭ জানুয়ারী পুলিশ রতুলীবাজার এলাকার জামাল কমিউনিটি সেন্টারের সম্মুখ থেকে মামলার তদন্ত কর্মকর্তা এসআই আতাউর রহমান তাকে গ্রেফতার করেন। পরদিন পুলিশ তাকে আদালতে সোপর্দ করে ৭ দিনের রিমান্ড প্রার্থনা করে। রোববার আদালতে রিমান্ড শুনানী অনুষ্ঠিত হয়।
জানা গেছে, গত বছরের ৩১ জুলাই উপজেলার বর্ণি ইউপির আহমদপুর গ্রামে নিজ বাড়ির মেঝেতে শোয়ানো অবস্থায় ডিপ্লোমা ইঞ্জিনিয়ার সাইফুর রহমানের লাশ উদ্ধার করে পুলিশ। তিনি বর্ণি ইউপির আহমদপুর গ্রামের আব্দুল আহাদের ছেলে। রিমান্ডে থাকা আসামী জয়নাল উদ্দিনসহ খুনিরা পরিকল্পিত হত্যাকান্ডটি ধাপাচাপা দিতে ঘুমন্ত অবস্থায় সাপের ছোবলে সাইফুরের মৃত্যু হয় বলে প্রচার করে। শরীরে নির্যাতনের চিহ্ন থাকায় তখনই স্বজনরা পরিকল্পিতভাবে হত্যার অভিযোগ তোলেন। ২৬ অক্টোবর ইঞ্জিনিয়ার সাইফুর রহমানের লাশের ময়নাতদন্ত প্রতিবেদন পায় পুলিশ। এতে শ্বাসরোধে হত্যার উল্লেখ থাকায় ওইদিন নিহতের ছোটভাই এমদাদুর রহমান থানায় মামলা করেন। এরপরই পুলিশ মামলার আসামি বাবলু আহমদ, জবলু হোসেন ও কামাল হোসেনকে গ্রেফতার করে কারাগারে পাঠায়।
বড়লেখা থানার ওসি মো. জাহাঙ্গীর হোসেন সরদার জানান, সাইফুর রহমান হত্যার মুল রহস্য উদ্ঘাটনের জন্য অন্যতম সন্দিগ্ধু আসামী জয়নাল উদ্দিনকে রোববার পুলিশ ৪ দিনের রিমান্ডে নিয়েছে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.