
মাহফুজ শাকিল॥ কুলাউড়ায় মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় এক চা শ্রমিক গৃহবধুর মৃত্যু হয়েছে। স্বামীর বাড়ি শ্রীমঙ্গল থেকে কুলাউড়ায় বাবার বাড়ি আসার পথে সড়ক দূর্ঘটনায় প্রাণ হারান শিবানী নায়েক (৩৮) নামের ওই চা শ্রমিক গৃহবধু। ২ ফেব্রুয়ারি মঙ্গলবার রাতে কুলাউড়া স্কুল চৌমুহনা এলাকায় অটোরিকশা (সিএনজি) চালকের ভূলে মর্মান্তিক দুর্ঘটনার শিকার হয়ে তিনি মৃত্যুবরণ করেছেন। নিহত শিবানী নায়েক শ্রীমঙ্গলের বিটিআরআই চা বাগানের শ্রমিক সহদেব নায়েকের স্ত্রী।
প্রত্যক্ষদর্শী স্থানীয় লোকজন ও নিহত গৃহবধুর স্বামী সহদেব জানান, শিবানী নায়েক স্বামীর বাড়ি থেকে সিএনজি অটোরিকশা যোগে বাবা অরুন নায়েকের বাড়ি দিলদারপুর চা বাগানের বাংলা টিলায় আসছিলেন। মৌলভীবাজার থেকে কুলাউড়া স্কুল চৌমুহনায় আসার পর একটি ট্রাক ছিলো রাস্তার একপাশে দাঁড়ানো এবং অপর ট্রাকটি কুলাউড়া থেকে মৌলভীবাজারের দিকে যাচ্ছিল। এসময় অটোরিকশা চালক দুই ট্রাকের মাঝ দিয়ে যেতে চাইলে দূর্ঘটনাটি ঘটে। দ্রুতগামী মৌলভীবাজার অভিমুখি ট্রাকের পেছনের চাকায় পিষ্ঠ হয়ে ঘটনাস্থলেই মারা যান গৃহবধু শিবানী নায়েক। স্বামী সহদেবসহ অটোরিকশার অপর যাত্রী আর কেউ হতাহত হয়নি। খবর পেয়ে কুলাউড়া থানা পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
নিহত শিবানী ও সহদেব দম্পতির ২ ছেলে ও এক মেয়ে সন্তান রয়েছে। তবে দূর্ঘটনার সময় কোন সন্তান তাদের সাথে ছিলো না। তারা বাড়িতে অবস্থান করছিলো।
কুলাউড়া থানার অফিসার ইনচার্জ বিনয় ভূষণ রায় জানান, নিহতের স্বামীর এ ব্যাপারে কোন অভিযোগ না করায় লাশ তাঁর জিম্মায় নিয়ে গেছেন।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.