
স্টাফ রিপোর্টার॥ প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) মহাপরিচালক (ডিজি) হিসেবে একুশে পদকপ্রাপ্ত, কবি, সাহিত্যিক ও সাংবাদিক জাফর ওয়াজেদকে আরও দুই বছরের জন্যে নিয়োগ দিয়েছে সরকার।
‘প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ আইন, ২০১৮’ এর ধারা ৯ (২) অনুযায়ী অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্মসম্পর্ক পরিত্যাগের শর্তে তাকে নিয়োগ দিয়ে বৃহস্পতিবার ২২ এপ্রিল জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
এতে বলা হয়, জাফর ওয়াজেদকে ২১ এপ্রিল অথবা যোগদানের তারিখ থেকে পরবর্তী দুই বছর মেয়াদে পিআইবির মহাপরিচালক পদে নিয়োগ দেওয়া হলো।
এরআগে ২০১৯ সালের ২১ এপ্রিল পিআইবির মহাপরিচালক পদে নিয়োগ পেয়েছিলেন একুশে পদকপ্রাপ্ত এই সাংবাদিক। তার সেই নিয়োগের মেয়াদ গত ২০ এপ্রিল শেষ হয়েছে।
জাফর ওয়াজেদ সাবেক ছাত্রনেতা, ডাকসুর দুইবারের নির্বাচিত সাহিত্য সম্পাদক, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সাবেক ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পালন করেছেন।
সর্বশেষ তিনি দৈনিক জনকণ্ঠের সহকারী সম্পাদকের দায়িত্ব পালন করছিলেন। এছাড়া তিনি দৈনিক সংবাদের সিনিয়র রিপোর্টার, বাংলাবাজার পত্রিকার চিফ রিপোর্টার, দৈনিক মুক্তকন্ঠের চিফ রিপোর্টার হিসেবে দায়িত্বপালন করেন।
সাংবাদিক জাফর ওয়াজেদ কুমিল্লা জেলার দাউদকান্দিতে জন্মগ্রহণ করেন।
প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) এর মহাপরিচালক ও একুশে পদকপ্রাপ্ত, কবি, সাহিত্যিক ও সাংবাদিক জাফর ওয়াজেদ পূণরায় পিআইবির মহাপরিচালক পদে দ্বিতীয় মেয়াদে দুই বছরের জন্য নিয়োগ দেয়ায় মৌলভীবাজারের সাংবাদিকরা সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিনন্দন জানান। তাঁর এ সুযোগ্য নেতৃত্বে পিআইবি আরও সামনের দিকে এগিয়ে যাবে এই প্রত্যাশা করেন।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.