স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার জেলা প্রশাসন কর্তৃক স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে শপিংমলে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
১ মে শনিবার দুপুরে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মীর নাহিদ আহসানের নির্দেশনায় এবং অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তানিয়া সুলতানার সার্বিক তত্ত্বাবধানে জেলা শহরের কুসুমবাগ ও সেন্ট্রাল রোড এলাকার শপিংমল-দোকানপাট সমূহে স্বাস্থ্যবিধি পালন নিশ্চিতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় মাস্ক পরিধান না করার অপরাধে ১৮ জন ব্যক্তিকে মোবাইল কোর্টে ৬ হাজার টাকা জরিমানা করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনা করেন জেলা প্রশাসকের কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সানজিদা রহমান, মৌসুমী আক্তার, আসমা উল হুসনা এবং অর্ণব মালাকার। সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন, ২০১৮ এবং দন্ডবিধি ১৮৬০ অনুযায়ী এই মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনার ফলে জনগণের মধ্যে মাস্ক কিনার হিড়িক পরলে এ সুযোগে এক অসাধু ফার্মেসীর ব্যবসায়ী নির্ধারিত মূল্যের অধিক মূল্যে মাস্ক বিক্রির অভিযোগ আসে। পরে মোবাইল কোর্ট ওই ফার্মেসীতে সরেজমিনে গেলে এ অভিযোগের সত্যতা মিলে। নির্ধারিত মূল্যের অধিক মূল্যে মাস্ক বিক্রি করায় সেই ব্যবসায়ীকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এ ২ হাজার টাকা জরিমানা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অর্ণব মালাকার।
জেলা ম্যাজিস্ট্রেট মীর নাহিদ আহসান জানান, স্বাস্থ্যবিধি এবং অপরাধ দমনে জেলা প্রশাসনের মোবাইল কোর্ট অব্যাহত থাকবে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.