
বিকুল চক্রবর্তী॥ লাউয়াছড়া বনের জানকীছড়ায় পাহাড় থেকে গাছ পড়ে আবারও দুই ঘন্টা বন্ধ ছিলো শ্রীমঙ্গল-কমলগঞ্জ সড়ক। ঘটনার খবর পেয়ে শ্রীমঙ্গল ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে পৌছে গাছ সরিয়ে প্রায় দুইঘন্টা পর যানচলাচল স্বাভাবিক করেন।
কমলগঞ্জ থানা উপ-পরিদর্শক বিজয় প্রসাদ দেবনাথ জানান, ১৮ জুন সন্ধ্যা ৬টায় লাউয়াছড়ার জানকীছড়ায় বড় একটি গাছ রাস্তার উপর উপরে পড়ে। এ সময় আরো দুটি গাছ ভেঙ্গে পড়ে। এতে বন্ধ হয়ে যায় যান চলাচল। তারা দ্রুত রাস্তা স্বাভাবিক করতে নিকটবর্তী শ্রীমঙ্গল ফায়ার সার্ভিসকে খবর দিলে ফায়ার সাভিস ঘটনাস্থলে পৌছে গাছ সরিয়ে দেয়। এ সময় উভয় পাশের আটকা পড়া এলোপাতারি গাড়ি গুলোকে সরিয়ে তারা রাত ৮টার দিকে যান চলাচল স্বাভাবিক করে দেন। শ্রীমঙ্গল ফায়ার সার্ভিসের লিডার আব্দুল কাদির জানান, সন্ধা ৬.১৫ মিনিটে খবর পেয়ে তারা দ্রুত ঘটনাস্থলে পৌছে রাস্তায় পড়ে থাকা বিশাল একটি গাছকে টুকরো টুকরো করে রাস্তা থেকে সরিয়ে দেন। তবে উপরে ভেঙ্গে দুই পাহাড়ে লেগে থাকা আরো একটি গাছ তারা আজ সরাতে পারেননি। এটি দিনের আলোয় বন বিভাগের সহায়তা নিয়ে করতে হবে।
এ ব্যাপারে বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষন বিভাগের শ্রীমঙ্গল রেঞ্জ কর্মকর্তা শহীদুল ইসলাম জানান, সন্ধা ৬টার একটু আগে ঝড়ো বাতাস বয়ে যায় বনের উপর দিয়ে। মাটি সড়ে গিয়ে ৬টার দিকে একটি গাছ উপড়ে রাস্তায় উপর পড়ে। অপর একটি গাছ ভেঙ্গে উপরে আটকে থাকে। এ সময় রাস্তা বন্ধ হয়ে উভয় পাশে বহু যানবাহন আটকা পড়ে। তিনি জানান, তাদের পক্ষে দ্রুত সরানো সম্ভব না হওয়ায় তারা ফায়ার সার্ভিসের সহায়তা নেন। তিনি জানান, এর আগেও লাউয়াছড়া বনের ভিতর দিয়ে চলে যাওয়া এ রাস্তায় গাছ পড়ে রাস্তা বন্ধ হয়েছে বেশ কয়েকবার। গাড়ির উপর গাছ পড়ে মানুষ মারা যাওয়ার ঘটনাও ঘটে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.