
স্টাফ রিপোর্টার॥ ভিজিএফ এর জাল কার্ডে চাল নিতে গিয়ে ধরা পড়েছে দুই ভাই কর্নেল ও রুজেল। মুচলেকা দিয়ে শেষ পর্যন্ত রক্ষা পেয়েছেন দুজন। শনিবার ১৭ জুলাই পৌর জনমিলন কেন্দ্রে ঘটনাটি ঘটেছে।
পৌরসভার কাউন্সিলর আসাদ হোসেন মক্কু জানান, কার্ড জালিয়াতি করে এরা চাল নিচ্ছিল। সন্দেহ হলে দুজনকে আটক করে দীর্ঘ জিজ্ঞাসাবাদে তাদের কাছ থেকে ২৬টি জাল ভিজিএফ কার্ড উদ্ধার করা হয়। এসময় একটি অরিজিনেল কার্ডও পাওয়া যায়। এছাড়া তাদের কাছ থেকে ৮০ কেজি চাল উদ্ধার করা হয়েছে। তবে ২০ কেজি চাউল পাওয়া যায়নি।
তিনি জানান, ফটোস্ট্যাটের দোকান থেকে কালার ফটোস্ট্যাট করে নেয় প্রতারক কর্নেল। ভবিষ্যতে এরকম প্রতারণা করবেনা মর্মে মুচলেকা নিয়ে তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে।
কাউন্সিলর সালেহ আহমদ পাপ্পু জানান, প্রধানমন্ত্রীর ঈদ উপহার হিসেবে ৮ হাজার ৪০০ মানুষকে ১০ কেজি করে বিতরণের জন্য মৌলভীবাজার পৌরসভাকে চাল দেয়া হয়। বরাবরের মতোই মৌলভীবাজার পৌরসভা চাল বিতরণের উদ্যোগ নেয়। দুইদিনব্যাপী চাল বিতরণের প্রথমদিন শনিবার ১৭ জুলাই সকাল থেকে মেয়র মো. ফজলুর রহমানের তত্ত্বাবধানে তা বিতরণ করা হয়।
বিতরণের শৃঙ্খলার জন্য সুবিধবাভোগীদের মধ্যে আগে থেকে পৌর মেয়রের স্বাক্ষর সম্বলিত ভিজিএফ কার্ড দেয়া হয়। কার্ড অনুযায়ী দিনভর চলে চাল বিতরণ।
কিন্তু দুপুরের পর হঠাৎ ধরা পড়ে জাল কার্ডধারী। আটক করা হয় জয়নাল আবেদিন কর্নেল এবং রুজেল মিয়া নামে দুই ভাইকে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.