
স্টাফ রিপোর্টার॥ কুলাউড়ায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে একদিনে ২ মহিলার মৃত্যু হয়েছে। শনিবার ৭ আগস্ট সকালে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে পরীনগর নিজ বাড়িতে লুৎফা বেগম (৬৭) ও কুলাউড়া হাসপাতালে ফাতেমা বেগম (৭০) সহ ২ জন মৃত্যুবরণ করেছেন। এ নিয়ে গত জুলাই মাস থেকে এ পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৭ মহিলাসহ মোট ২২ জনের মৃত্যু হয়েছে।
জানা যায়, কুলাউড়া পৌরসভার পরীনগর নিবাসী মানিক মিয়ার স্ত্রী লুৎফা বেগম গত ৫ আগস্ট কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নমুনা পরীক্ষায় তার করোনা পজিটিভ রিপোর্ট পাওয়ার পর হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলেন। শুক্রবার ৬ আগস্ট বিকেলে হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাসায় ফিরে গেলে রাতেই তার অবস্থার অবনতি হলে রাত সাড়ে ৩টায় তিনি মারা যান।
অপরদিকে কাদিপুর ইউনিয়নের পূর্ব মনসুর নিবাসী মৃত করিম উল্লাহর স্ত্রী ফাতেমা বেগম করোনা রোগের উপসর্গ নিয়ে গত ৫ আগস্ট কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি হন। পরবর্তীতে নমুনা পরীক্ষায় তার কোভিড-১৯ পজিটিভ রিপোর্ট পাওয়ার পর শনিবার সকাল সোয়া ৭টার দিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
পরে স্বজনরা তাদের স্ব-স্ব লাশ নিজ বাড়িতে নিয়ে যাওয়ার পর কুলাউড়া কোভিড-১৯ লাশ দাফন টিম লিডার ইকবাল হোসেন সুমন ও সহকারী লিডার হাফিজ আব্দুল কাইয়ুমের নেতৃত্বে বাদ জোহর ২ লাশের দাফন সম্পন্ন করেন।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.