চাকুরীর আচরণবিধি লঙ্ঘন: সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইউনিয়ন বিএনপির সভাপতি প্রার্থী!

June 26, 2025,

কমলগঞ্জ প্রতিনিধি : সরকারি চাকুরিজীবীদের জন্য রাজনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ সম্পূর্ণরূপে নিষিদ্ধ থাকলেও কুলাউড়া উপজেলার তেলিবিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শামছুল হক সরাসরি দলীয় রাজনীতিতে যুক্ত হয়েছেন। তিনি আগামী ২৮ জুন অনুষ্ঠিতব্য শরীফপুর ইউনিয়ন বিএনপির কাউন্সিলে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন বলে জানা গেছে।

এ বিষয়ে শরীফপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মো: কায়েদ মিয়া ২৩ জুন কুলাউড়া উপজেলা শিক্ষা কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দাখিল করেছেন। অভিযোগে উল্লেখ করা হয়, একজন সরকারি শিক্ষক হয়ে রাজনৈতিক দলে সভাপতি পদে প্রার্থী হওয়া সরকারি কর্মচারী (আচরণ) বিধিমালার চরম লঙ্ঘন। স্থানীয় অনেকেই বিষয়টিকে শিক্ষাব্যবস্থার জন্য দৃষ্টান্তমূলক ব্যত্যয় বলে আখ্যায়িত করেছেন।

এ বিষয়ে প্রধান শিক্ষক মো: শামছুল হক সাংবাদিকদের কাছে বিষয়টির সত্যতা স্বীকার করে বলেন, আমি শরীফপুর ইউনিয়ন বিএনপির সভাপতি প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছি। তবে এ বিষয়ে আইনি কোনো বাধ্যবাধকতা আছে তা আমার জানা ছিল না।

কুলাউড়া উপজেলা শিক্ষা কর্মকর্তা ইফতেখার হোসেন ভূঁঞা বলেন, সরকারি শিক্ষকরা কোনো রাজনৈতিক দলে সম্পৃক্ত হতে পারেন না। আমি অভিযোগ পেয়েছি এবং তাকে সতর্ক করে দলীয় কার্যক্রম থেকে সরে আসার নির্দেশ দিয়েছি।

প্রসঙ্গত, সরকারি কর্মচারী (আচরণ) বিধিমালা, ১৯৭৯-এর বিধি-২৫ (১) অনুসারে, কোনো সরকারি কর্মচারী রাজনৈতিক দলের সদস্য হতে বা তাদের কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে পারবেন না। বিধি-২৫ (৩)-এ বলা হয়েছে, তারা কোনো রাজনৈতিক প্রচারণা বা নির্বাচনী কার্যক্রমেও অংশ নিতে পারবেন না।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com