কমলগঞ্জ-শ্রীমঙ্গলে পর্যটকদের নিরাপত্তায় ট্যুরিস্ট পুলিশের নানা উদ্যোগ
কমলগঞ্জ প্রতিনিধি : কমলগঞ্জ ও শ্রীমঙ্গল উপজেলায় ভ্রমণপিপাসু দেশি-বিদেশি পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে বিভিন্ন উদ্যোগ নিয়েছে ট্যুরিস্ট পুলিশ। সেপ্টেম্বর থেকে শুরু হওয়া পর্যটন মৌসুমকে সামনে রেখে বাড়ছে পর্যটকের আগমন, আর তাই নিরাপদ ভ্রমণ নিশ্চিত করতে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা।
দেশের উত্তর-পূর্বাঞ্চলের পর্যটনশিল্পের অন্যতম প্রবেশদ্বার মৌলভীবাজারে প্রতিবছর লক্ষাধিক পর্যটক ভ্রমণে আসেন। পর্যটন শিল্পের বিকাশ এবং পর্যটকদের নিরাপত্তায় স্থানীয় প্রশাসনের পাশাপাশি কাজ করছে শ্রীমঙ্গল ট্যুরিস্ট পুলিশ।
পর্যটনকেন্দ্রগুলোতে টহল জোরদার লাউয়াছড়া জাতীয় উদ্যান, মাধবপুর লেক, হামহাম জলপ্রপাত, বীর শ্রেষ্ঠ শহীদ সিপাহি হামিদুর রহমানের স্মৃতিসৌধ, শমশেরনগর বিমানবন্দর, পদ্মছড়া লেক, বাংলাদেশ চা গবেষণা ইনস্টিটিউট (বিটিআরআই), চা বাগান সংলগ্ন আলপনা সড়ক, বধ্যভূমি ৭১সহ গুরুত্বপূর্ণ পর্যটন এলাকাগুলোতে নিয়মিত টহল দিচ্ছে ট্যুরিস্ট পুলিশ। পাশাপাশি হোটেল, রিসোর্ট, কটেজ ও গেস্ট হাউজেও নিরাপত্তা তদারকি করা হচ্ছে।
শ্রীমঙ্গল ট্যুরিস্ট গাইড অ্যাসোসিয়েশনের যুগ্ম সম্পাদক তাপস দাশ বলেন,আমরা দীর্ঘদিন ধরে দেশি-বিদেশি পর্যটকদের নিয়ে কাজ করছি। এখানে পর্যটকদের নিরাপত্তায় স্থানীয় প্রশাসনের পাশাপাশি ট্যুরিস্ট পুলিশের উপস্থিতি পর্যটকদের অনেকটা নিশ্চিন্ত করে।
পর্যটকদের নিরাপত্তায় ট্যুরিস্ট পুলিশের তৎপরতা শ্রীমঙ্গল ট্যুরিস্ট পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কামরুল হোসেন চৌধুরী জানান, মৌলভীবাজার জেলা পর্যটন সমৃদ্ধ এলাকা। আমাদের কাজ হলো নিয়মিত টহলের পাশাপাশি হোটেল, রিসোর্ট এবং দর্শনীয় স্থানগুলোতে আগত পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করা।
ট্যুরিস্ট পুলিশের এমন উদ্যোগে স্থানীয়রা যেমন স্বস্তি প্রকাশ করেছেন, তেমনি আগত পর্যটকরা নিজেদের নিরাপদ মনে করছেন। পর্যটন শিল্পের বিকাশে এসব উদ্যোগ ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা করছেন পর্যটন সংশ্লিষ্টরা।



মন্তব্য করুন