ডা. খালেদ সাইফুল্লাহকে ছেড়ে দিয়েছে পুলিশ

October 18, 2025,

জুড়ী প্রতিনিধি : জুড়ী উপজেলার এক্সপার্ট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এক নবজাতকের মৃত্যুর ঘটনায় শুক্রবার ১৭ অক্টোবর রাতে কর্তব্যরত চিকিৎসক ডা. খালেদ সাইফুল্লাহকে তাৎক্ষণিকভাবে আটক করে জুড়ী থানা পুলিশ। তবে শিশুর পরিবার লিখিতভাবে অভিযোগ না করায় ও বিষয়টি পারিবারিকভাবে সমঝোতার মাধ্যমে মীমাংসার আশ্বাস দেওয়ায়, পরে রাত ১টার দিকে পুলিশ তাকে ছেড়ে দেয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, শিশুটির মৃত্যুর পর ক্ষুব্ধ আত্মীয়স্বজন হাসপাতালে ভিড় জমান এবং চিকিৎসকের গাফিলতির অভিযোগ তোলেন। পরিস্থিতি সামাল দিতে পুলিশ এসে ডা. খালেদ সাইফুল্লাহকে থানায় নিয়ে যায়।

জুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, “ঘটনার পর আমরা দায়িত্বপ্রাপ্ত চিকিৎসককে থানায় নিয়ে আসি। কিন্তু শিশুর বাবা ও পরিবারের অন্য সদস্যরা লিখিতভাবে জানান যে, তাদের পক্ষ থেকে ডাক্তার বা হাসপাতালের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই। তারা পারিবারিকভাবে সমঝোতার মাধ্যমে বিষয়টি নিষ্পন্ন করবেন বলে আমাদের নিশ্চিত করেছেন।”

এদিকে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, শিশুটির মৃত্যু দুর্ভাগ্যজনক হলেও চিকিৎসা সংশ্লিষ্ট কোনো গাফিলতি ছিল না।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com