জোট সিদ্ধান্ত অমান্য করে মাঠে নামায় ক্ষোভ : মৌলভীবাজার-৩ আসনে ঐক্য ও ন্যায্যতা নিয়ে প্রশ্ন খেলাফত মজলিসের

February 1, 2026,

স্টাফ রিপোর্টার : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ১১ দলীয় জোটের মধ্যে আসন বণ্টন ও মাঠপর্যায়ের ভূমিকা নিয়ে ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করেছেন খেলাফত মজলিসের জেলা নেতৃবৃন্দ। বিশেষ করে জোটের কেন্দ্রীয় সিদ্ধান্ত অমান্য করে একটি শরিক দলের প্রার্থীর হঠাৎ প্রকাশ্যে নির্বাচনী তৎপরতা শুরু করায় মৌলভীবাজার–-৩ (সদর– ও রাজনগর) আসনে জোটের ঐক্য ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে তারা অভিযোগ তোলেছেন।

শনিবার রাতে জেলার রাজনগর উপজেলার পাঁচগাঁও ইউনিয়নের পাঁচগাঁও গ্রামে দেয়ালঘড়ি মার্কার প্রতীকের উঠান বৈঠকে এসব কথা বলেন খেলাফত মজলিস মৌলভীবাজার জেলা শাখার সহ-সভাপতি মাওলানা আব্দুল খালেক।তিনি বলেন আসন্ন নির্বাচনে ১১ দলীয় জোটের মধ্যে আসন বণ্টনে খেলাফত মজলিস যে ত্যাগ ও ছাড় দিয়েছে, তার ন্যায্য মূল্যায়ন হয়নি। সারা বাংলাদেশের ৩০০টি সংসদীয় আসনের মধ্যে খেলাফত মজলিস মাত্র ১২টি আসন পেয়েছে। যা দলের সাংগঠনিক শক্তি, মাঠপর্যায়ের সক্রিয়তা এবং দীর্ঘদিনের রাজনৈতিক সংগ্রামের তুলনায় অত্যন্ত সীমিত ও বৈষম্যমূলক।মাওলানা আব্দুল খালেক আরও বলেনএরপরও আমরা জোটের স্বার্থে কেন্দ্রীয় সিদ্ধান্ত মেনে মাঠে কাজ করছি। কিন্তু মৌলভীবাজার-৩ আসনে দেখা যাচ্ছে, একটি শরিক দলের প্রার্থী সময়মতো প্রার্থিতা প্রত্যাহার না করে দীর্ঘ ১২ দিন নির্বাচনী মাঠে অনুপস্থিত থাকার পর হঠাৎ প্রকাশ্যে সক্রিয় হয়েছেন।

এটি জোটের সিদ্ধান্তের সরাসরি ব্যত্যয়।তিনি অভিযোগ করেন জোটের মনোনীত প্রার্থীর পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার পরিবর্তে ভিন্ন অবস্থান নেওয়ায় নেতাকর্মীদের মধ্যে বিভ্রান্তি তৈরি হচ্ছে। এতে জোটের প্রচারণা ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।তিনি বলেন, “মৌলভীবাজার সদর– রাজনগর এলাকা খেলাফত মজলিসের ঐতিহ্যবাহী ঘাঁটি। এখানকার মানুষ ন্যায়ভিত্তিক রাজনীতির পক্ষে দীর্ঘদিন ধরে অবস্থান নিয়েছে। কিন্তু এই আসন নিয়ে জোটের ভেতরে যে অনিশ্চয়তা ও অবহেলা তৈরি হয়েছে, তা হতাশাজনক।উঠান বৈঠকে সভাপতিত্ব করেন মাওলানা আম্বর উল্ল্যা এবং সঞ্চালনা করেন মাওলানা কিসমত উল্ল্যা। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১১ দলীয় জোট মনোনীত ও মৌলভীবাজার-৩ আসনের দেয়ালঘড়ি মার্কার প্রার্থী মাওলানা আহমদ বিলাল।বক্তারা জোটের শীর্ষ নেতৃত্বের প্রতি আহ্বান জানান, মাঠপর্যায়ের বাস্তবতা, জনসমর্থন এবং শরিক দলের ত্যাগের বিষয়গুলো বিবেচনায় নিয়ে দ্রুত ন্যায্য ও স্পষ্ট সিদ্ধান্ত গ্রহণের। তারা আশাবাদ ব্যক্ত করেন, জোটের ভেতরে সুবিচার প্রতিষ্ঠিত হলে মৌলভীবাজার–-৩ আসনে ঐক্যবদ্ধ প্রচারণা আরও জোরদার হবে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com