শমসেরনগরে বিমানবন্দর ইস্যুতে জরুরি নোটিশ সংসদে কথা বললেন নাসের রহমান

April 19, 2026,

স্টাফ রিপোর্টার : মৌলভীবাজার জেলার পর্যটন সম্ভাবনাকে কাজে লাগাতে কমলগঞ্জ উপজেলার শমসেরনগরে বেসামরিক বিমানবন্দর স্থাপনের দাবিতে জাতীয় সংসদে জরুরি নোটিশ উত্থাপন করেছেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য এম নাসের রহমান।

রবিবার ১৯ এপ্রিল বিকাল ৩টায় অনুষ্ঠিতব্য জাতীয় সংসদের বৈঠকের কার্যসূচিতে বিষয়টি অন্তর্ভুক্ত রয়েছে। বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের লেজিসলেটিভ সাপোর্ট উইং-এর আইন শাখা থেকে প্রকাশিত কার্যসূচি অনুযায়ী, জরুরি জন-গুরুত্বসম্পন্ন বিষয়ে মনোযোগ আকর্ষণ (বিধি-৭১)-এর আওতায় এই নোটিশটি প্রদান করা হয়েছে।

নোটিশে উল্লেখ করা হয়, মৌলভীবাজার জেলার পর্যটকদের সুবিধার্থে শমসেরনগরে অবস্থিত বিমান বাহিনীর ঘাঁটির একটি অংশ ব্যবহার করে একটি ছোট বেসামরিক বিমানবন্দর স্থাপন করা যেতে পারে। এ বিষয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করা হবে।

একই বৈঠকে বিধি-৭১-এর আওতায় প্রাপ্ত অন্যান্য নোটিশ নিষ্পত্তি এবং গৃহীত নোটিশসমূহের ওপর আলোচনা অনুষ্ঠিত হবে বলে কার্যসূচিতে জানানো হয়েছে।

জাতীয় সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মো: গোলাম সরওয়ার ভূঁইয়া স্বাক্ষরিত কার্যসূচিতে বিষয়টি নিশ্চিত করা হয়।

স্থানীয়দের মতে, শমসেরনগরে বিমানবন্দর স্থাপন করা হলে শ্রীমঙ্গলসহ আশপাশের পর্যটন কেন্দ্রগুলোতে যাতায়াত সহজ হবে এবং সামগ্রিকভাবে জেলার অর্থনৈতিক কার্যক্রমে ইতিবাচক প্রভাব পড়বে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com