চা শ্রমিকদের ন্যুনতম মজুরি পুনর্নিরধারণের দাবিতে সংবাদ সম্মেলন, নতুন মজুরি বোর্ড গঠনের আহ্বান

শ্রীমঙ্গল প্রতিনিধি : দেশের অন্যতম শিল্প খাত চা শিল্পে নিয়োজিত লক্ষাধিক চা শ্রমিকদের একটি যুগোপযোগী ও মানসম্মত ন্যূনতম মজুরি নির্ধারণ ও নতুন মজুরি বোর্ড গঠনের দাবি জানিয়েছেন বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির নেতারা।
বৃহস্পতিবার ৬ আগস্ট দুপুর সাড়ে ১২টার মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অবস্থিত বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় কার্যালয় (লেবার হাউস)-আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব দাবি তুলে ধরা হয়। সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি পংকজ এ কন্দ।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নিপেন পাল বলেন, বাংলাদেশ চা বোর্ডের ২০২৪-২০২৫ অর্থবছরের বার্ষিক প্রতিবেদন অনুযায়ী দেশে বর্তমানে ১৭৮টি চা বাগান রয়েছে। সেখানে প্রায় এক লাখ নিবন্ধিত এবং ৫০ হাজারের বেশি অনিবন্ধিত শ্রমিক কাজ করছেন। কিন্তু তারা মাত্র ১৭৮ টাকা মজুরিতে প্রতিদিন কাজ করেন। ফলে দেশের অন্যতম গুরুত্বপূর্ণ এই শিল্পকে বাচাতে হলে বাস্তবতা বিবেচনায় দ্রুত ন্যূনতম মজুরি পুনর্র্নিধারণের দাবি জানান তারা। সেই সাথে বর্তমান বাজারদরের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নতুন মজুরি কাঠামো প্রণয়নের দাবি জানান।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক বিজয় হাজরা, কেন্দ্রীয় কমিটির অর্থ সম্পাদক পরেশ কালিন্দী, মনু-ধলাই ভ্যালির সভাপতি ধনা বাউড়ি, সিলেট ভ্যালির সভাপতি রাজু গোয়ালা, লংলা ভ্যালির সভাপতি সাঈদুল ইসলামসহ অনেকে।



মন্তব্য করুন