ওজনে কারচুপির দায়ে ফিলিং স্টেশনকে ১ লাখ টাকা জরিমানা

August 19, 2026,

স্টাফ রিপোর্টার : মৌলভীবাজারে জ্বালানি তেলের সঠিক পরিমাপ ও মান যাচাইয়ে ৪টি ফিলিং স্টেশনে অভিযান পরিচালনা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

এসময় নির্ধারিত পরিমাণের চেয়ে কম জ্বালানি সরবরাহের প্রমাণ পাওয়ায় একটি ফিলিং স্টেশনকে  ১ লক্ষ টাকার অর্থদণ্ড প্রদান করেছেন মৌলভীবাজার জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: আকিব উল্লাহ। এসময় প্রসিকিউটিং এজেন্সি হিসেবে বিএসটিআই সিলেট কার্যালয়ের পরিদর্শক (মেট্রোলজি) মো: মঈন উদ্দিন উপস্থিত ছিলেন।

অভিযানে মেরিগোল্ড সিএনজি অ্যান্ড ফিলিং স্টেশন, মেসার্স রহমান এন্টারপ্রাইজ সিএনজি অ্যান্ড ফিলিং স্টেশন এবং মেসার্স আমিরুন্নেছা খানম অ্যান্ড কোং-এর জ্বালানি তেলের পরিমাপ পরীক্ষা করে সঠিক পাওয়া যায়।

তবে রাজনগরের মহলালের হাজী জরিফ মিয়া ফিলিং স্টেশনে অনিয়ম ধরা পড়ে। সেখানে অকটেনে প্রতি ১০ লিটারে ৪৩০ মিলিলিটার এবং ডিজেলে প্রতি ১০ লিটারে ২৭০ মিলিলিটার ঘাটতি পাওয়া যায়। এ ঘটনায় ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮-এর ২৯ ধারা লঙ্ঘনের দায়ে ৪৬ ধারায় প্রতিষ্ঠানটিকে ১ লক্ষ টাকা নগদ অর্থদণ্ড প্রদান করা হয়।

একই সঙ্গে আগামী এক সপ্তাহের মধ্যে ফিলিং স্টেশনের সব ধরনের ত্রুটি সংশোধনের নির্দেশ দেওয়া হয়েছে। সংশোধন কার্যক্রমের অগ্রগতি জেলা প্রশাসনকে অবহিত করতে বিএসটিআই সিলেটের পরিদর্শককে নির্দেশনা দেওয়া হয়। ভোক্তাদের স্বার্থ রক্ষা ও জ্বালানি তেলের সঠিক পরিমাপ নিশ্চিত করতে জেলার বিভিন্ন ফিলিং স্টেশনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com