ডেনমার্কে ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত, শান্তি প্রতিষ্ঠার জন্য আল্লাহর রাসুলের আদর্শ ছড়িয়ে দিতে হবে-হাফিজ সাব্বির আহমদ

লন্ডন প্রতিনিধি : আলোচনা সভা, ইসলামী সাংস্কৃতিক পরিবেশনাও পুরস্কার বিতরণের মধ্য দিয়ে ডেনমার্কে মহাসমারোহে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত হয়েছে। আহলে সুন্নাহ যুব সাংস্কৃতিক ফোরাম, ডেনমার্ক আয়োজিত বর্ণাঢ্য এই অনুষ্ঠানে দেশটিতে বসবাসরত মুসলিম পরিবারের সদস্যরা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন বার্মিংহাম সিরাজাম মুনিরা জামে মসজিদ অ্যান্ড অ্যাডুকেশন সেন্টার, ইউকের পরিচালক ও বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ আলহাজ হাফিজ সাব্বির আহমদ। তিনি তাঁর বক্তব্যে বলেন, আল্লাহর রাসুল হযরত মুহাম্মাদ মোস্তফা (সা.) কে আল্লাহ পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ নবী হিসাবে বিশেষ মর্যাদা দিয়ে প্রেরণ করেছেন। রাসুলের আজিম শান ও মান পবিত্র কোরআনে বারবার উচ্চারণ করেছেন। আল্লাহ পবিত্র কোরআনে রাসুলের ইত্তেবা করা, রাসুলের সামনে আওয়াজ নিচু করে কথা বলা ও তাঁর উপর দুরুদ ও সালাম পেশ করার নির্দেশ দিয়েছেন।
আলহাজ হাফিজ সাব্বির আহমদ আরো বলেন, পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা, মানবকল্যাণ ও আখেরাতের মুক্তি নিশ্চিত করতে হলে আল্লাহর রাসুলের জীবন অনুসরণ ও তাঁর মহান আদর্শ পৃথিবীর সকল প্রান্তে ছড়িয়ে দিতে হবে।
১৩ সেপ্টেম্বর ডেনমার্কে আয়োজিত পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আহলে সুন্নাহ যুব সাংস্কৃতিক ফোরাম, ডেনমার্কের সভাপতি মোহাম্মদ রাকিবুল ইসলাম। উদ্বোধন করেন কোপেনহেগেন বায়তুল মোকাররম জামে মসজিদের খতিব শায়েখ ওয়াজি উল্লাহ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক শামসুদ্দোহা ইয়াকিন।
অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন প্রফেসর হাফেজ মোহাম্মদ সাইদ আহমেদ চিশতী, ইমাম ও খতিব, আলবার্টস্লুন্ড ভেস্ট মসজিদ। বিশেষ অতিথি ছিলেন সংগঠনের উপদেষ্টা পরিষদের সদস্য মাহবুব হক, সাব্বির আহমেদ, বেলায়েত বাবুল, আরিফ খালেক, ওমর ফারুক, জাহিদুল ইসলাম কামরুলসহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।
বক্তারা তাঁদের বক্তব্যে মহানবী হযরত মুহাম্মদ (দ.)-এর জীবনাদর্শ, মানবতার প্রতি তাঁর শিক্ষা এবং ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরেন।
পরে শিশুদের বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে আন্তর্জাতিক ইসলামী সংগীত পরিবেশনকারী আল-কুদস গ্রুপ মনোমুগ্ধকর ইসলামী নাশিদ পরিবেশন করে।
অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনার দায়িত্ব পালন করেন উপদেষ্টা আহসানুজ্জামান নয়ন এবং কার্যনির্বাহী পরিষদের সদস্য রফিক মোল্লা, ফারদিন সরকার, নুরুল আমিন, রাশেদ আলম, মোহাম্মদ আলকামা, তৌহিদুর রশিদ রিয়াদ, কুতুব উদ্দিন, হাসান পিনুসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।



মন্তব্য করুন